মালয়েশিয়ায় তিনদিনব্যাপী বিশেষ অভিযানে ৫২৮ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ২৪৫ জন বাংলাদেশি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক দাতুক বাসরি ওথমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশটির আটটি নির্মাণস্থলে অপস সাসার নামে এ অভিযান পরিচালনা করা হয়। এতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় মাদকবিরোধী সংস্থা এবং মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির ৪১৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
দাতুক বাসরি ওথমান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব স্থানে অভিযান চালানো হয়। ওইসব এলাকায় অভিবাসীদের উপস্থিতি ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করা এবং কোনো ধরনের আইন বা বিধি লঙ্ঘন হচ্ছে কি না, তা শনাক্ত করাই এ অভিযানের মূল উদ্দেশ্য।
অভিযানে মোট ৬৭৮ জনকে যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত অপরাধে ৫২৮ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪৫০ জন পুরুষ ও ৭৯ জন নারী।
আটকদের মধ্যে ২৪৫ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ১১৯ জন, ভারতের ২৩ জন, মিয়ানমারের ১০০ জন, নেপালের ৪ জন এবং অন্যান্য দেশের ৩৭ জন নাগরিক রয়েছেন।
অভিযানে পরিচয়পত্র বা বৈধ নথি না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা, স্বীকৃত নয় এমন কার্ড ব্যবহার এবং অভিবাসন আইনের আওতাধীন অন্যান্য অপরাধের মতো অনিয়ম শনাক্ত হয়েছে।
আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:







