সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৯ ভাদ্র, ১৪৩৩

নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১১:২০

শেয়ার

নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে একটি রেস্তোরাঁয় গুলিতে ইউসুফ রাজু নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় রাসেল নামে আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে এ ঘটনা ঘটে।

পুলিশের তদন্তকারী কর্মকর্তারা জানান, রেস্তোরাঁটির কর্মী ৪৪ বছর বয়সী রাজুর মাথায় গুলি লাগে। আহত ৩৯ বছর বয়সী রাসেলের পায়ে গুলি লেগেছে।

গুরুতর আহত অবস্থায় রাজুকে কাছের ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভেনিউয়ের আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা রেস্টুরেন্টের ভেতরে হামলার ঘটনাটি ঘটে। কী কারণে গুলি চালানো হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি তদন্ত করছে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। স্থানীয় সময় রোববার রাত ৯টা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

নিহত রাজু প্রায় তিন বছর আগে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। তাকে যুক্তরাষ্ট্রে আনতে দালালকে ৩০ লাখ টাকা দেন তিনি। পরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। বিবাহিত রাজুর দেশে স্ত্রী, তিন সন্তানসহ ভাই-বোন ও মা-বাবা রয়েছেন।

রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগরে। আহত রাসেলের বাড়িও নোয়াখালীতে। তিনিও দালালকে মোটা অঙ্কের টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে আসেন।

ব্রুকলিনে বসবাসরত নোয়াখালী কমিউনিটির নেতা শহিদুল্লাহ কাইসার জানান, ওই রেস্তোরাঁয় এক গ্রাহক খাবারের বিল পরিশোধ না করেই চলে যাচ্ছিলেন। তাকে বিল পরিশোধ করতে বলেন রাজু ও রাসেল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই গ্রাহক পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যান।

নোয়াখালী সোসাইটির নেতা নাজমুল হক মানিক বলেন, রাজুর স্বজনরা বাংলাদেশ থেকে ফোন করে লাশ দেশে পাঠিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।



banner close
banner close