শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

মালয়েশিয়ায় অভিযানে আটক ১৬৪ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ২১:৩৪

শেয়ার

মালয়েশিয়ায় অভিযানে আটক ১৬৪ বাংলাদেশি
ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ১৬৪ বাংলাদেশিসহ ২৫২ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে সেলাঙ্গর রাজ্যের ইউএসজে ২৩ ও ক্লাংয়ের কমপ্লেক্স পাসার বেসার মেরু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (২২ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম পোর্টাল বারিতা আরটিএমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সমন্বিত এ অভিযানে ৭১০ জন বিদেশির কাগজপত্র ও বৈধতার বিষয়টি পরীক্ষা করা হয়। অভিযান চলাকালে আটক এড়াতে অনেক অবৈধ অভিবাসী পাশের একটি পরিত্যক্ত খনির এলাকায় (লম্বং) আশ্রয় নেন। কেউ কেউ খাটের নিচেও লুকিয়ে থাকার চেষ্টা করেন।

সেলাঙ্গর ইমিগ্রেশনের উপপরিচালক (নিয়ন্ত্রণ) মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ২৫২ জনের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি, ৫৭ জন মিয়ানমারের, ২৪ জন ইন্দোনেশিয়ার, তিনজন ভারতের, তিনজন নেপালের এবং একজন পাকিস্তানের নাগরিক।

আটক বাংলাদেশিদের সবাই পুরুষ। মিয়ানমারের ৫০ জন পুরুষ ও সাতজন নারী, ইন্দোনেশিয়ার ১৬ জন পুরুষ ও আটজন নারী, ভারতের তিনজন পুরুষ, নেপালের তিনজন পুরুষ এবং পাকিস্তানের একজন পুরুষকে আটক করা হয়েছে।

রাত ১টা ৫৫ মিনিটের দিকে শুরু হওয়া অভিযানে সেলাঙ্গর ও পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের সদস্যদের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), জাতীয় মাদকবিরোধী সংস্থা (এএডিকে) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) সদস্যরা অংশ নেন।

আটকদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের শর্ত লঙ্ঘন এবং অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানসহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।

মোহাম্মদ খুসাইরি বলেন, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি নিয়োগকর্তা ও সাধারণ মানুষকে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সুরক্ষা না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা ইমিগ্রেশন বিভাগকে জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করেন।



banner close
banner close