অস্ট্রেলিয়ার সিডনিতে দুই প্রবাসী প্রকৌশলী শাহজাহান চৌধুরী ও এ কে এম কামরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার পৃথক স্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শুক্র ও শনিবার ভোরে তাদের মৃত্যু হয়।
অস্ট্রেলিয়াপ্রবাসী প্রকৌশলী শাহজাহান চৌধুরী শুক্রবার সিডনি সময় সকাল ৮টার দিকে লিভারপুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শাহজাহান চৌধুরী সিডনির বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন। তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী পারভিনের স্বামী এবং মরহুম হাজী আজগর আলী সাহেবের বড় মেয়ের জামাতা। মৃত্যুকালে তিনি স্ত্রী পারভিন এবং সন্তান রাতুল ও রিয়াসাসহ স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের রেখে গেছেন।
শনিবার জোহরের নামাজের পর দুপুর ১২টায় লাকেম্বা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দুপুর ২টায় কেম্পস ক্রিক মেমোরিয়াল পার্কের মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে শনিবার ভোরে সিডনির প্রিন্স অব ওয়েলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ কে এম কামরুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অসুস্থতার সময়ে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার পাশে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রওশন আরা লিপি এবং দুই সন্তান আয়ান ও আনায়াকে রেখে গেছেন।
শনিবার জোহরের নামাজের পর দুপুর সাড়ে ১২টায় অবার্নের মসজিদ ওমরে কামরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রিনডেল গার্ডেন সেমেট্রিতে তার দাফন সম্পন্ন করা হয়।
সিডনির দুই পরিচিত প্রবাসীর মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তাদের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন:








