শনিবার

২৭ জুন, ২০২৬ ১৩ আষাঢ়, ১৪৩৩

রোমে তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১১:১৪

শেয়ার

রোমে তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা
ছবি সংগৃহীত

ইতালির রাজধানী রোমে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে ঢুকে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টায় রোমের পশ্চিমাঞ্চলীয় কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি বহুতল ভবনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তাঁর স্ত্রী এবং তাঁদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান। এই হামলায় কামালের ১৮ বছর বয়সী বড় ছেলেও গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের মতে তিনি এখন আশঙ্কামুক্ত।

ইতালীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই বাংলাদেশি পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে কামাল, তাঁর স্ত্রী এবং শিশু কন্যার মৃত্যু হয়। হামলার সময় জীবন বাঁচাতে বড় ছেলে বাসা থেকে বেরিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করলে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা উপস্থিত হন। তাঁরা নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং আহত তরুণকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা নেন। ঘটনার পর থেকে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে রোম পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি পূর্বশত্রুতার জের, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক ও পুলিশ দল পলিজিয়া সায়েন্টিফিকা (Polizia Scientifica) ইতোমধ্যে ঘটনাস্থলটি সিলগালা করে দিয়েছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এছাড়া ঘাতককে শনাক্ত করতে ভবনের আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই হত্যাকাণ্ডটি অত্যন্ত নৃশংসভাবে ঘটানো হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে পুরো এলাকা পুলিশি নজরদারিতে রয়েছে।



banner close
banner close