দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসীবিরোধী আন্দোলন ও সহিংস পরিস্থিতির মধ্যে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করেছে প্রেটোরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। শনিবার (১৩ জুন) জারি করা ওই বার্তায় প্রবাসী বাংলাদেশিদের আইন মেনে চলা, বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
হাইকমিশনের বার্তায় জানানো হয়, দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের দেশত্যাগে বাধ্য করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশসহ একাধিক দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা দেশটির কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সঙ্গে সম্মিলিতভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ১০ জুন জোহানেসবার্গ বিমানবন্দরে ৯ জন বাংলাদেশি নাগরিক অবৈধ ভ্রমণের অভিযোগে আটক হন, যা স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর পাশাপাশি গত দুই দিনে আরও প্রায় ২০ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে দেশটিতে প্রবেশ করতে গিয়ে আটক হয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন।
হাইকমিশন আরও জানায়, এ ধরনের অবৈধ অভিবাসনের ফলে বাংলাদেশি পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তি ক্রমশ কঠিন হয়ে পড়ছে। চলমান সহিংস পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
বার্তায় প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন:








