রবিবার

৩১ মে, ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ মে, ২০২৬ ১০:৫৯

শেয়ার

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি আটক
ছবি সংগৃহীত

মালয়েশিয়ার কিলানতান রাজ্যে পুলিশের তল্লাশি এড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনার পর ৯ বাংলাদেশি নাগরিকসহ ১০ জনকে আটক করা হয়েছে। আটক বাংলাদেশিরা দেশটিতে অবস্থানের বৈধ কোনো নথি দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩০ মে)। সকাল ৭টার দিকে কিলানতানের তুমপাত জেলায় এ ঘটনা ঘটে। মালয় মেইলের বরাতে জানা যায়, টহলরত জেনারেল অপারেশন ফোর্সের (জিওএফ) সদস্যরা একটি সন্দেহজনক হলুদ রঙের গাড়িকে থামানোর নির্দেশ দিলে চালক গাড়িটির গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

জিওএফের দক্ষিণ-পূর্ব ব্রিগেডের কমান্ডার আহমদ রাদজি হুসাইন জানান, পালানোর একপর্যায়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। দ্রুতগতির গাড়িটি সড়ক থেকে ছিটকে গিয়ে প্রথমে আরেকটি গাড়ি এবং পরবর্তীতে একটি বাড়িতে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই পুলিশ গাড়িটি থেকে স্থানীয় এক চালক ও ৯ জন বাংলাদেশিকে আটক করে জিওএফ কার্যালয়ে নিয়ে যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে স্থানীয় চালকের সাথে মানবপাচার চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেছেন যে, মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্ত এলাকা থেকে অবৈধ অভিবাসীদের কোটা ভারুতে পৌঁছে দেওয়ার জন্য তিনি জনপ্রতি ১০০ রিঙ্গিত করে পারিশ্রমিক পেতেন।

আটককৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থানীয় ওই চালকের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।,



banner close
banner close