গ্রিসের রাজধানী এথেন্সে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি মসজিদে ব্যাপক সংখ্যক মুসল্লির সমাগম হয়েছে। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী মুসলমানরা ঈদের নামাজে অংশ নেন এবং যথাযথ ধর্মীয় আচার পালন করেন।
এথেন্সে একমাত্র সরকারি মসজিদে ভোর থেকেই মুসল্লিরা ঈদের জামাতে অংশ নিতে আসেন। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নামাজ আদায় শেষে মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
কুরবানি সম্পন্ন হয়েছে গ্রিসের প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি অনুযায়ী। মুসল্লিরা সরকার নির্ধারিত পশুর ফার্মে ব্যক্তিগত ও সম্মিলিতভাবে কুরবানি করেন। কুরবানির মাংস আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও অসচ্ছল ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়।
গ্রিসে বসবাসরত একাধিক বাংলাদেশি প্রবাসী জানান, ঈদের দিনে পরিবার ও স্বজনদের অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হয়। তবে প্রবাসে একে অপরের সঙ্গে মিলে ঈদ উদযাপন করার মধ্যে স্বস্তি খুঁজে পান তাঁরা। এক প্রবাসী বলেন, ঈদ এলেই দেশের কথা মনে পড়ে, মা-বাবা ও ভাই-বোন ছাড়া ঈদের আনন্দ অসম্পূর্ণ মনে হয়, তবুও সবাই মিলে উদযাপন করার চেষ্টা করেন। অপর একজন জানান, প্রবাসে সবাই পরিবারের মতো হয়ে গেছেন এবং একসঙ্গে নামাজ, কুরবানি ও খাওয়া-দাওয়ার মাধ্যমে দেশের অভাব কিছুটা ভুলে থাকা যায়।
ঈদ উপলক্ষে বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন সামাজিক মিলনমেলা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গ্রিসে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। ধর্মীয় উৎসবগুলো প্রবাসী সম্প্রদায়ের মধ্যে সামাজিক সংহতি ও পারস্পরিক যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন:








