যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সহিংসতা, হামলা এবং বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্যাট্রিয়টস অব বাংলাদেশ ও বাংলাদেশ ফোরামের উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি, মানবাধিকার ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর শেখ মিজান। তিনি বলেন, ভারতের সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ, সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও মানবিক অবস্থান নেওয়া জরুরি। একই সঙ্গে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ বক্তা অ্যাক্টিভিস্ট রহমতউল্লাহ বলেন, বর্তমান সময়ে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি যেকোনো ধরনের সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে মানবতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আরেক বিশেষ বক্তা আলিম তালুকদার বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরা। বিদ্বেষ, গুজব বা উসকানিমূলক প্রচারণা সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে উল্লেখ করে তিনি গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, মানবাধিকার, ধর্মীয় সম্প্রীতি এবং জনগণের নিরাপত্তার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শান্তি, ন্যায়বিচার ও পারস্পরিক সম্মানের মাধ্যমেই একটি স্থিতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় বক্তব্য দেন নুরুল চৌধুরীও। তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। সহিংসতা, সাম্প্রদায়িক বিদ্বেষ বা দমন-পীড়ন স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুর রহমান। তিনি বলেন, বিদ্বেষ, সাম্প্রদায়িক উসকানি ও সহিংস রাজনীতি থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের শান্তি, সম্প্রীতি ও মানবাধিকারের বিরুদ্ধে যেকোনো কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল কাদের। তিনি বলেন, এ মতবিনিময় সভা মানবতা, ন্যায়বিচার ও শান্তির পক্ষে একটি সম্মিলিত উদ্যোগ।
সভায় আরও উপস্থিত ছিলেন দীপন গাজী, মামুন সরকার, জাবেদ আলম, দীপু চৌধুরীসহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তি। অনুষ্ঠানে মিডিয়া সহযোগিতায় ছিল উম্মাহ টিভি, যার সম্পাদক আলিম তালুকদার।
সভা শেষে আয়োজকরা শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ রক্ষায় দেশপ্রেমিক ও মানবতাবাদী মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আরও পড়ুন:








