মঙ্গলবার

২১ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ২২:২৪

শেয়ার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নিলুফার ইয়াসমিন (৪২) নামে এক বাংলাদেশি নারী দোকানকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রোবার্ট জোয়াসিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

নিহত নিলুফার ইয়াসমিন লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা। শুক্রবার (৩ এপ্রিল) যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিদুল ইসলাম এবং নিহতের ভাই কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ১৪ মিনিটে ফোর্ট মায়ার্সের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে নিলুফারের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে সকাল ৭টা ২৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি প্রথমে দোকানের সামনে পার্ক করা একটি গাড়ির কাঁচ হাতুড়ি দিয়ে ভাঙচুর করে। এ সময় দোকান থেকে বের হয়ে নিলুফার কারণ জানতে চাইলে হামলাকারী তার ঘাড়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার মাথায় একাধিক আঘাত করে হামলাকারী ঘটনাস্থল ত্যাগ করে।

ফোর্ট মায়ার্স পুলিশের বরাত দিয়ে জানা যায়, ঘটনার পরপরই কে-৯ ইউনিট ও শেরিফের এভিয়েশন ইউনিট অভিযান শুরু করে। নিরাপত্তার স্বার্থে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রথমে সন্দেহভাজন পালিয়ে গেলেও পরে তার পরিচয় শনাক্ত করে বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি পূর্বের একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নিলুফার ইয়াসমিন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে বসবাস করছিলেন। প্রায় ছয় মাস আগে তিনি ওই দোকানে কাজ শুরু করেন।

দোকানের মালিক আরিফ জানান, ঘটনার সময় নিলুফার ভেতর থেকে দরজা বন্ধ করে ফজরের নামাজ পড়ছিলেন। এ সময় হামলাকারী দোকানের বাইরে পার্ক করা একটি গাড়ির গ্লাস ভাঙচুর শুরু করেন। শব্দ পেয়ে নিলুফার বাইরে এসে কারণ জানতে চাইলে হামলাকারী তাকে এলোপাতাড়ি আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করলেও এমন নৃশংস ঘটনা আগে কখনো দেখেননি। শান্তিপ্রিয় এ এলাকায় এমন হত্যাকাণ্ডে স্থানীয় বাসিন্দারাও হতভম্ব হয়ে পড়েছেন।



banner close
banner close