ফ্রান্সের প্যারিসের ঐতিহাসিক গ্রাঁ পালে ৩০ মার্চ ‘চেঞ্জ নাউ ২০২৬’ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে জলবায়ু নীতি, টেকসই অর্থনীতি ও সামাজিক উদ্যোগ সংশ্লিষ্ট কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। সম্মেলনটি ১ এপ্রিল পর্যন্ত চলবে।
আয়োজক সূত্র জানিয়েছে, এবারের সম্মেলনে ১০০টির বেশি দেশের প্রতিনিধি ও চার লাখের বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকছেন। এখানে জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য শক্তি, পরিবেশবান্ধব প্রযুক্তি ও সামাজিক উদ্ভাবন সংক্রান্ত এক হাজারেরও বেশি প্রকল্প প্রদর্শিত হচ্ছে।
সম্মেলনের প্রথম দুই দিন পেশাজীবী ও আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য নির্ধারিত থাকলেও সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত থাকবে ১ এপ্রিল দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. যোহান রকস্ট্রোম, উমারউ ইব্রাহিম, রাজান খলিফা আল সুবেরাক, পল পলম্যান ও লোভেল্ডা ভিনচেনজি। বক্তব্য রাখেন ক্রিস্টিয়ানা ফিগারেস, কেৎ রাওয়ার্থ, নারমোন্টে নেনকুইমো, লুইসা নিউবাউয়ার ও লরেন্স টুবিয়ানা।
আয়োজক সংস্থা জানিয়েছে, চেঞ্জ নাউ শুধু একটি প্রদর্শনী নয়; এটি একটি আন্তর্জাতিক উদ্যোগ যেখানে সহযোগিতা ও বাস্তব পদক্ষেপের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গঠনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্মেলনজুড়ে সেমিনার, কর্মশালা, প্রদর্শনী ও নেটওয়ার্কিং সেশন চলছে। তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও নবীন উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে আয়োজকরা।
আরও পড়ুন:








