রবিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯ ফাল্গুন, ১৪৩২

আমিরাতে বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস

আমিরাত, প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:১৬

আপডেট: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:১৬

শেয়ার

আমিরাতে বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস
ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রভাতফেরি করে ভাষা শহীদদের স্মরণে দূতাবাসের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তাঁদের শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দূতালয় প্রাঙ্গণে রাষ্ট্রদূত তারেক আহমেদ এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডেপুটি চিফ অব মিশন শাহানাজ আক্তার রানু, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব রুবাইয়া আফরোজ।

দূতাবাসের হেড অব চ্যান্সারি তৌহিদ ইমামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিগণ তাঁদের বক্তব্যে দিবসটির প্রতিপাদ্য তুলে ধরেন। তাঁরা বলেন, বাঙালি জাতির জন্য এই দিনটি একদিকে শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। এ জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে নিজের ভাষায় কথা বলার অধিকার, যা ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে উপহার দিয়ে গেছেন। আলোচকগণ তাঁদের বক্তব্যে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি আদায় ও ভাষা শহীদদের চূড়ান্ত আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা ও সম্মান সমুন্নত রাখতে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত তারেক আহমেদ তাঁর বক্তব্যে– ভাষা শহীদ, মুক্তিযুদ্ধে শহীদ ও জুলাই-আগস্ট ছাত্র-গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল বশর, বিএনপি নেতা শাখাওয়াত হোসেন বকুল, আবুল কালাম আজাদ, সাইফুন নাহার জলি, আশিষ কুমার বড়ুয়া, আব্দুল আওয়াল, আফজাল হোসেন, জুয়েল রানা প্রমুখ।

দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীসহ জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল, জাতীয়তাবাদী দল বিএনপি, প্রবাসী অধিকার পরিষদ, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বিডিউজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



banner close
banner close