শুক্রবার

১৩ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩

প্রতিদিনের ৯ অভ্যাসে শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক

লাইফ স্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ০৮:৫৫

শেয়ার

প্রতিদিনের ৯ অভ্যাসে শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক
ছবি সংগৃহীত

প্রতিদিনের খাবার ও পানীয় গ্রহণ থেকে শুরু করে পোশাক পরা, দাঁত ব্রাশ করা কিংবা রান্নার পাত্র ব্যবহারের মতো সাধারণ অভ্যাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করছে ক্ষুদ্র প্লাস্টিক কণা মাইক্রোপ্লাস্টিক। চা, বোতলজাত পানি, প্যাকেটজাত খাবারসহ বিভিন্ন নিত্যব্যবহার্য পণ্যে এসব কণার উপস্থিতি পাওয়া যাচ্ছে। গবেষণায় মানবদেহের বিভিন্ন অঙ্গে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হওয়ায় এর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।

যেসব দৈনন্দিন অভ্যাসে শরীরে ঢুকছে মাইক্রোপ্লাস্টিক

প্লাস্টিকের কাপে চা পান

অফিস কিংবা বাইরে চা পান করতে অনেকেই প্লাস্টিক বা কাগজের কাপ ব্যবহার করেন। গরম চায়ের সংস্পর্শে এসব কাপ থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা বের হয়ে পানীয়ের সঙ্গে মিশতে পারে। এ ছাড়া পলিপ্রপিলিন বা নাইলন দিয়ে তৈরি কিছু টি-ব্যাগ গরম পানিতে ডোবালে সেখান থেকেও মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়তে পারে।

প্লাস্টিকের বোতলে পানি পান

প্লাস্টিকের বোতলে রাখা পানি থেকেও শরীরে প্রবেশ করতে পারে মাইক্রোপ্লাস্টিক। শুধু বোতলজাত পানি নয়, সফট ড্রিংক, সোডা ও অন্যান্য বোতলজাত পানীয়তেও এসব কণার উপস্থিতি পাওয়া গেছে।

টুথপেস্ট ব্যবহার

প্রতিদিন দাঁত পরিষ্কারের কাজে ব্যবহৃত কিছু টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। ব্রাশ করার সময় এসব কণা অনিচ্ছাকৃতভাবে পেটে চলে যেতে পারে।

সিন্থেটিক পোশাক ও প্রসাধনী ব্যবহার

নাইলন ও পলিয়েস্টারের মতো কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক থেকে ক্ষুদ্র প্লাস্টিক ফাইবার ছড়িয়ে পড়তে পারে। কিছু প্রসাধনীতেও মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে। এসব কণা বাতাসের মাধ্যমে শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করতে পারে।

নুন ও চিনি খাওয়া

সমুদ্রদূষণের কারণে সামুদ্রিক লবণেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে। বিভিন্ন গবেষণায় চিনির তুলনায় লবণে এসব কণার পরিমাণ বেশি পাওয়ার তথ্য উঠে এসেছে। তবে চিনিও পুরোপুরি মাইক্রোপ্লাস্টিকমুক্ত নয়।

প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা

প্লাস্টিকের বাটি বা কন্টেইনারে খাবার রেখে মাইক্রোওয়েভে গরম করলে তাপের প্রভাবে সেখান থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা খাবারে মিশতে পারে। ফলে প্লাস্টিকের পাত্রে খাবার গরম করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার

চিপস, ইনস্ট্যান্ট নুডলসসহ বিভিন্ন প্যাকেটজাত খাবারে প্লাস্টিকের মোড়ক ব্যবহৃত হয়। এসব মোড়ক থেকে খাবারে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

নন-স্টিক পাত্রে রান্না

নন-স্টিক প্যানের ওপরের আবরণে আঁচড় বা ক্ষয় দেখা দিলে সেখান থেকে ক্ষুদ্র কণা খাবারে মিশতে পারে। একটি ছোট আঁচড় থেকে প্রায় ৯ হাজার এবং পুরোনো বা ক্ষয়প্রাপ্ত প্যান থেকে ২০ থেকে ২৩ লাখ পর্যন্ত কণা বের হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

প্লাস্টিকের প্যাকেজিং

দুধ, চিজ, মসলা ও সবজিসহ বিভিন্ন খাদ্যপণ্য প্লাস্টিকের প্যাকেটে সংরক্ষণ করা হয়। পলিইথিলিন ও পলিপ্রপিলিনের মতো প্লাস্টিক থেকে ক্ষুদ্র কণা খাবারে ছড়িয়ে পড়তে পারে।

কারা বেশি ঝুঁকিতে

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য প্রভাব নিয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। শিশুদের শরীর বিকাশমান থাকায় দূষকের প্রভাব তাদের ওপর বেশি পড়ার আশঙ্কা রয়েছে। গর্ভবতী নারীর শরীরে প্রবেশ করা এসব কণার সম্ভাব্য প্রভাব নিয়েও গবেষণা চলছে।

মাইক্রোপ্লাস্টিক নিয়ে উদ্বেগ কেন

মাইক্রোপ্লাস্টিকের ক্ষুদ্র কণা খাবার, পানি ও বাতাসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। গবেষণায় রক্তসহ মানবদেহের বিভিন্ন অঙ্গে এসব কণার উপস্থিতি শনাক্ত হয়েছে। এগুলোর কারণে প্রদাহ, কোষের ক্ষতি, হরমোনের ভারসাম্যে পরিবর্তন এবং অন্যান্য স্বাস্থ্যসমস্যা হতে পারে কি না, তা নিয়ে গবেষণা চলছে। দীর্ঘমেয়াদি প্রভাব ও ক্যানসারের ঝুঁকির বিষয়টিও এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

যেভাবে কমানো যায় ঝুঁকি

মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ কমাতে প্লাস্টিকের পরিবর্তে কাচ বা স্টিলের পাত্র ব্যবহার করা যেতে পারে। গরম খাবার প্লাস্টিকের পাত্রে না রাখা, সম্ভব হলে বোতলজাত পানির পরিবর্তে নিরাপদ ফিল্টার করা পানি পান করা এবং প্লাস্টিকের টি-ব্যাগের বদলে খোলা চা ব্যবহার করা ভালো। পাশাপাশি প্যাকেটজাত খাবার কমিয়ে তাজা খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা যেতে পারে।