চিকেনের ঝাল-মশলাদার পদ খেতে ভালোবাসেন? তা হলে একবার বানিয়ে দেখতে পারেন ব্ল্যাক পেপার চিকেন। গোলমরিচের ঝাঁঝ, রসুনের গন্ধ আর মশলার মিশেলে এই পদ হয়ে ওঠে বেশ সুস্বাদু। দুপুরের বা রাতের খাবারে গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে দিব্যি জমে যাবে এই চিকেন। বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই সহজে বানিয়ে নিতে পারবেন রেস্তোরাঁর ধাঁচের এই পদ।
উপকরণ
মুরগির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ১ থেকে ২ চা চামচ, গোটা গোলমরিচ আধ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, কাঁচালঙ্কা ২টি, তেল ২ টেবিল চামচ, নুন স্বাদমতো এবং ধনেপাতা সামান্য।
প্রণালী
প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তার মধ্যে সামান্য লবণ, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস ও আদা-রসুন বাটা মাখিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন।
এবার কড়াইয়ে তেল গরম করে গোটা গোলমরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ নরম হয়ে হালকা বাদামি হলে কাঁচামরিচ ও বাকি আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তার পর মশলা মাখানো মুরগির মাংস দিয়ে মাঝারি আঁচে কষাতে থাকুন। মাংস থেকে পানি বেরোলে ঢেকে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়।
মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে সয়া সস ও বাকি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজন হলে অল্প গরম পানি দিন। মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে এবং মশলা মাংসের গায়ে মাখামাখি হয়ে এলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
গরম গরম ব্ল্যাক পেপার চিকেন পরিবেশন করুন ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে। গোলমরিচের ঝাঁঝ বেশি পছন্দ হলে নিজের স্বাদ অনুযায়ী গোলমরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।
আরও পড়ুন:







