চিনি কমানোর দিকে এখন অনেকেরই আগ্রহ বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ওজন ঠিক রাখা কিংবা সামগ্রিকভাবে স্বাস্থ্যকর জীবনযাপনের কথা ভেবে অনেকে চিনির বিকল্প খুঁজছেন। এমনই একটি বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে মঙ্ক ফ্রুট সুইটনার বা মিষ্টিকারক।
বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ও স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে এর চাহিদা বাড়ছে। গুড় বা মধুর তুলনায় এর গ্লাইসেমিক সূচক কম হওয়ায় অনেকে চিনির পরিবর্তে এটি বেছে নিচ্ছেন।
মঙ্ক ফ্রুট কী?
মঙ্ক ফ্রুট লুও হান গুও বা বুদ্ধ ফল নামেও পরিচিত। এটি ছোট ও গোলাকার একটি ফল, দেখতে অনেকটা কিউই ফলের মতো। ফলটি মূলত দক্ষিণ চীনে পাওয়া যায়। একসময় সেখানকার বৌদ্ধ ভিক্ষুরা এই ফল চাষ করতেন বলে এটি বুদ্ধ ফল নামে পরিচিতি পায়।
এই ফল থেকে তৈরি মিষ্টিকারকের মিষ্টি স্বাদের জন্য মূলত মোগ্রোসাইড নামের যৌগ দায়ী।
কেন এত জনপ্রিয়?
মঙ্ক ফ্রুটে থাকা মোগ্রোসাইডসহ বিভিন্ন যৌগ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে। এগুলো শরীরে ক্ষতিকর মুক্ত মৌলের প্রভাব মোকাবিলা করতে এবং প্রদাহ কমাতে সহায়তা করতে পারে।,
এছাড়া মঙ্ক ফ্রুট মিষ্টিকারকে ক্যালরির পরিমাণ খুব কম হওয়ায় ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এটি জনপ্রিয় হয়ে উঠছে। দাঁতের ক্ষয়ের ঝুঁকি কমানোর ক্ষেত্রেও এর কিছু উপকার থাকতে পারে।
চিনির তুলনায় কম গ্লাইসেমিক প্রভাবের কারণে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান এমন অনেকেই এটি বেছে নিচ্ছেন। তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও যেকোনো মিষ্টিকারক ব্যবহারের আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।
বাংলাদেশে কত দামে পাওয়া যায়?
বাংলাদেশে বিভিন্ন অনলাইন দোকানে মঙ্ক ফ্রুট মিষ্টিকারক পাওয়া যাচ্ছে। সাধারণত ২০০ গ্রাম মঙ্ক ফ্রুট প্রাকৃতিক মিষ্টিকারক বা চিনির বিকল্প গুঁড়ার দাম প্রায় ৪৫০ থেকে ১ হাজার টাকা।
তবে পণ্যের মান, মঙ্ক ফ্রুটের নির্যাসের পরিমাণ এবং প্রস্তুতকারকভেদে দামের পার্থক্য হতে পারে। খাঁটি নির্যাসের দাম সাধারণ মিশ্রণযুক্ত পণ্যের তুলনায় বেশি হতে পারে।
তাহলে কি চিনি পুরোপুরি বাদ?
মঙ্ক ফ্রুট চিনির বিকল্প হতে পারে, কিন্তু তাই বলে ইচ্ছেমতো মিষ্টি খাবার খাওয়া নিরাপদ-এমন নয়। খাবারের সামগ্রিক পুষ্টিমান, পরিমাণ এবং ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি।
আরও পড়ুন:








