সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য শুধু পেট ভরানোই যথেষ্ট নয়, নিয়মিত ব্যায়ামের পাশাপাশি প্রয়োজন সুষম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। কিন্তু ব্যস্ত জীবনযাপন, অনিয়মিত খাওয়া, ফাস্টফুডের প্রতি ঝোঁক এবং অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার অনেক পুরুষের জন্য নীরব ঝুঁকি তৈরি করছে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাবারে কয়েকটি বিষয়ে সচেতন থাকলে হৃদ্রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতাসহ নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই প্রতিদিনের খাবারে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি।
১. অতিরিক্ত লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংস কম খাওয়া
গরু-খাসির মাংস, সসেজ, সালামি বা প্রসেসড মিট বেশি খেলে হৃদ্রোগ, কোলন ক্যানসার ও উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি বাড়তে পারে। সপ্তাহে সীমিত পরিমাণে লাল মাংস খাওয়া এবং মাছ, মুরগি বা উদ্ভিজ্জ প্রোটিনকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
২. অতিরিক্ত লবণ ও চিনি এড়িয়ে চলুন
অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়, আর অতিরিক্ত চিনি ওজন বৃদ্ধি, ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের কারণ হতে পারে। কোমল পানীয়, প্যাকেটজাত জুস, মিষ্টি ও অতিরিক্ত লবণযুক্ত খাবার যতটা সম্ভব কম খাওয়াই ভালো।
৩. শাকসবজি ও ফল প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন
অনেক পুরুষই পর্যাপ্ত ফল ও শাকসবজি খান না। অথচ এসব খাবারে থাকা ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম ভালো রাখতে এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।
৪. পর্যাপ্ত পানি পান করুন
কাজের ব্যস্ততায় অনেকেই প্রয়োজনীয় পরিমাণ পানি পান করতে ভুলে যান। এতে পানিশূন্যতা, ক্লান্তি, মাথাব্যথা এবং কিডনির সমস্যার ঝুঁকি বাড়তে পারে। তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গড়ে তোলা উচিত।
৫. অতিরিক্ত তেলেভাজা ও ফাস্টফুডে নির্ভরতা কমান
নিয়মিত বার্গার, পিজা, ফ্রেঞ্চ ফ্রাই, ভাজাপোড়া ও অতিরিক্ত তেলযুক্ত খাবার খেলে ওজন বৃদ্ধি, উচ্চ কোলেস্টেরল এবং হৃদ্রোগের ঝুঁকি বাড়ে। ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার এবং পূর্ণ শস্য, ডাল, বাদাম ও মাছের মতো পুষ্টিকর খাবার বেছে নেওয়া ভালো।
চিকিৎসকদের মতে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং ধূমপান ও অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকাও পুরুষদের সুস্থ থাকার জন্য সমান গুরুত্বপূর্ণ। ছোট ছোট খাদ্যাভ্যাসের পরিবর্তনই দীর্ঘমেয়াদে বড় স্বাস্থ্যগত সুফল এনে দিতে পারে।
আরও পড়ুন:








