রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

শিশুর পেটব্যথা কমাবে ৪ ঘরোয়া উপায়

লাইফ স্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ০৮:০১

শেয়ার

শিশুর পেটব্যথা কমাবে ৪ ঘরোয়া উপায়
ছবি সংগৃহীত

গরমের দিনে চিপস, চকোলেট, মিষ্টি, আমসহ নানা খাবার খেয়ে অনেক শিশুরই পেটব্যথা বা বদহজমের সমস্যা দেখা দেয়। বারবার ওষুধ খাওয়ানোর বদলে কিছু সহজ ঘরোয়া উপায়েই মিলতে পারে আরাম। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি প্রাকৃতিক উপাদান শিশুদের হজমের সমস্যা কমাতে বেশ কার্যকর হতে পারে।

আদা কমাতে পারে পেটের অস্বস্তি

আদায় থাকা প্রদাহনাশক উপাদান হজমে সহায়তা করে। এতে থাকা জিঞ্জেরল পেটের অস্বস্তি ও বদহজম কমাতে সাহায্য করে। শিশুর পেটব্যথা শুরু হলে অল্প পরিমাণ আদা খাওয়ানো যেতে পারে। নিয়মিত খাবারে সামান্য আদার রস বা আদা মেশানো পানিও উপকারী হতে পারে।

পুদিনায় মিলতে পারে স্বস্তি

পুদিনা পাতায় রয়েছে নানা উপকারী উপাদান, যা পেটের পেশিকে আরাম দেয়। গ্যাস ও অম্বলের সমস্যাও কমাতে সাহায্য করে। পেটের সমস্যা দেখা দিলে পুদিনা পাতার রস খাওয়ানো যেতে পারে।

বদহজম দূর করতে মৌরি

ভাজাপোড়া বা ভারী খাবার খাওয়ার পর মৌরি চিবিয়ে খেলে হজমে উপকার পাওয়া যায়। এটি গ্যাস ও অম্বল কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে মৌরি ভেজানো পানি পান করলেও পেটের নানা সমস্যা থেকে সুরক্ষা মিলতে পারে।

হিং-ও হতে পারে কার্যকর

শিশুদের গ্যাস ও অম্বলের সমস্যায় হিং (অ্যাসাফোটিডা) বেশ উপকারী বলে মনে করা হয়। পেটব্যথা হলে হিং মিশ্রিত পানি খাওয়ানো যেতে পারে। এছাড়া হিং মিশ্রিত তেল দিয়ে পেটে মালিশ করলেও আরাম পাওয়া যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের যতটা সম্ভব অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে রাখা উচিত। পাশাপাশি পেটের সমস্যা ঘন ঘন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।