গরমের অন্যতম জনপ্রিয় ফল লিচু। রসালো, মিষ্টি ও সুস্বাদু এই ফল শিশু থেকে বয়স্ক সবারই পছন্দ। তবে জানেন কি, খালি পেটে লিচু খাওয়া কিছু মানুষের জন্য বিপজ্জনক হতে পারে? বিশেষ করে শিশু ও অপুষ্টিতে ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। বিশেষজ্ঞদের মতে, লিচুতে স্বাভাবিকভাবেই দুটি রাসায়নিক উপাদান থাকে হাইপোগ্লাইসিন এ এবং মেথিলিনসাইক্লোপ্রোপাইলগ্লাইসিন। বিশেষ করে কাঁচা বা আধাপাকা লিচুতে এসব উপাদানের মাত্রা বেশি থাকে।
খালি পেটে লিচু খেলে এসব উপাদান শরীরে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যায়, যাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। পরিস্থিতি গুরুতর হলে মস্তিষ্কের কার্যক্রম ব্যাহত হতে পারে। ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম ও জ্যামাইকার মতো দেশে কিছু ক্ষেত্রে লিচু খাওয়ার পর শিশুদের মধ্যে 'অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রোম' (এইএস) দেখা গেছে। এ অবস্থায় আক্রান্ত ব্যক্তির মধ্যে দেখা দিতে পারে—
খিঁচুনি
বিভ্রান্তি
অস্বাভাবিক আচরণ
জ্ঞান হারিয়ে ফেলা
গুরুতর ক্ষেত্রে কোমা
বিশেষজ্ঞদের মতে, অপুষ্টিতে ভোগা শিশুদের শরীরে গ্লুকোজের মজুত কম থাকায় তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।
কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে
সব মানুষের জন্য ঝুঁকি সমান নয়। নিচের ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা বেশি প্রয়োজন—
১৫ বছরের কম বয়সী শিশু
অপুষ্টিতে ভোগা ব্যক্তি
দীর্ঘ সময় না খেয়ে থাকা মানুষ
যারা নিয়মিত খাবার বাদ দেন
লিচুর বিষক্রিয়ার লক্ষণ
লিচু খাওয়ার পর সমস্যা দেখা দিলে প্রথম দিকে কিছু সতর্কসংকেত দেখা যেতে পারে।
প্রাথমিক লক্ষণ
বমি
অতিরিক্ত ঘাম
দুর্বলতা
মাথা ঘোরা
গুরুতর লক্ষণ
খিঁচুনি
মানসিক বিভ্রান্তি
অচেতন হয়ে যাওয়া
কোমা
এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।
নিরাপদে লিচু খাওয়ার উপায়
লিচু পুষ্টিগুণে ভরপুর একটি ফল। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, পানি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান। সঠিকভাবে খেলে লিচু শরীরের জন্য উপকারীই। চিকিৎসকেরা কয়েকটি সহজ নিয়ম মেনে চলার পরামর্শ দেন—
কখনোই খালি পেটে লিচু খাবেন না।
শিশুদের লিচু দেওয়ার আগে অবশ্যই ভাত বা অন্য খাবার খাওয়ান।
অতিরিক্ত লিচু একসঙ্গে না খেয়ে পরিমিত পরিমাণে খান।
লিচু ভালোভাবে ধুয়ে খেতে হবে।
পর্যাপ্ত পানি পান করুন।
লিচু গ্রীষ্মের সুস্বাদু ও পুষ্টিকর ফল। তবে খালি পেটে বা অতিরিক্ত পরিমাণে খেলে বিশেষ করে শিশু ও অপুষ্টিতে ভোগা মানুষের জন্য এটি ঝুঁকির কারণ হতে পারে। তাই ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং সচেতন থাকুন। ভরা পেটে পরিমিত পরিমাণে লিচু খান। এতে সুস্থ থাকবেন আর নিরাপদে মজাদার ফলটির স্বাদ ও পুষ্টিগুণ দুটোই উপভোগ করবেন।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন:








