বৃহস্পতিবার

৯ জুলাই, ২০২৬ ২৫ আষাঢ়, ১৪৩৩

ফ্রিজের ওপরে যে সব জিনিস রাখা উচিত নয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫ ১১:১৮

শেয়ার

ফ্রিজের ওপরে যে সব জিনিস রাখা উচিত নয়
ছবি: সংগৃহীত

অনেকেই ফ্রিজের ওপর অতিরিক্ত জিনিস রাখার অভ্যাস গড়ে তোলেন। ঘরের জায়গা বাঁচাতে এটি এক ধরনের সমাধান মনে হলেও, বিশেষজ্ঞরা বলছেন, এটি মোটেও নিরাপদ নয়। বরং কিছু জিনিস ফ্রিজের ওপর রাখলে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ে, তেমনি ফ্রিজের কার্যক্ষমতাও ব্যাহত হতে পারে।

সম্প্রতি রিডার্স ডাইজেস্টের এক প্রতিবেদনে চিকিৎসক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু নির্দিষ্ট জিনিস কখনোই ফ্রিজের ওপরে রাখা উচিত নয়।

তাহলে জনে নেয়া যাক সেই সব জিনিস যা ফ্রিজের ওপর রাখা একেবারেই ঠিক নয়:

বেকারি পণ্য

ফ্রিজের আশপাশের তাপমাত্রা ও বাতাস পাউরুটিকে দ্রুত শুকিয়ে দেয়, ফলে এটি নষ্ট হয়ে যেতে পারে। এসব খাবার সংরক্ষণের জন্য ব্রেডবক্স ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।

রান্নার বই ও রেসিপি কার্ড

বই বা কাগজ দাহ্য পদার্থ হওয়ায় ফ্রিজের ওপর রাখা বিপজ্জনক হতে পারে। অগ্নিকাণ্ডের ঝুঁকি তো রয়েছেই, পাশাপাশি ভারী বই পড়ে গিয়ে আঘাত লাগার আশঙ্কাও থাকে।

ছোট গৃহস্থালি যন্ত্রপাতি

কফি মেকার, টোস্টার বা রাইস কুকারের মতো যন্ত্রপাতি ফ্রিজের ওপরে রাখা ঝুঁকিপূর্ণ। ফ্রিজ খোলার সময় এসব পড়ে গিয়ে দুর্ঘটনার কারণ হতে পারে।

ওষুধ

অনেকে মনে করেন ফ্রিজের ওপর ওষুধ রাখলে তা শিশুদের নাগালের বাইরে থাকবে। কিন্তু উচ্চ তাপ ও আর্দ্রতা ওষুধের গুণমান নষ্ট করে দেয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

শুকনো খাবার

এই খাবারগুলো বাতাসে সহজেই নরম বা বাসি হয়ে যায়। হঠাৎ পড়ে গেলে ছড়িয়ে পড়ে নোংরা হয় এবং পোকামাকড়ের উপদ্রব বাড়ে।

তাজা ফলমূল ও সবজি

ফ্রিজের ওপরের অংশ গরম ও আর্দ্র হওয়ায় এসব খাবার দ্রুত পচে দুর্গন্ধ ছড়ায় এবং কীট-পতঙ্গের সমস্যা তৈরি করে।

কাচের বাটি বা জার

ভঙ্গুর ও ভারী কাচের জিনিস ফ্রিজের ওপর রাখা খুবই বিপজ্জনক। পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

মসলা

তাপে মসলার গুণগত মান দ্রুত নষ্ট হয়ে যায়। তাই এগুলো সংরক্ষণের জন্য শীতল ও শুষ্ক স্থানই উপযুক্ত।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ফ্রিজের ওপর দেয়ালে একটি কেবিনেট লাগানোই সবচেয়ে ভালো সমাধান। এতে ফ্রিজের বায়ু চলাচলের ব্যাঘাত ঘটে না, আবার জিনিসপত্রও নিরাপদে থাকে।



banner close
banner close