সোমবার

৩০ নভেম্বর, ২০২৬ ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬ ১৪:১৩

শেয়ার

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী
ছবি সংগৃহীত

দেশে এক বছরে নতুন করে এইচআইভি সংক্রমণ শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ২ হাজার ৩০৫ জনের শরীরে নতুন করে এইচআইভি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের অর্ধেকই পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম)। আক্রান্তদের মধ্যে তরুণ ও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ওই এক বছরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এতে ২ হাজার ৩০৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। আগের বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৮৯১। এক বছরের ব্যবধানে শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ।

একই সময়ে এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৫ জন। আগের বছর এ সংখ্যা ছিল ২৫৪।

নতুন শনাক্তদের অর্ধেক এমএসএম

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শনাক্ত ব্যক্তিদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ এবং অন্যান্য বয়সের মানুষের হার ১৫ শতাংশ।

বৈবাহিক অবস্থার হিসাবে আক্রান্তদের ৪৮ শতাংশ বিবাহিত এবং ৪৮ শতাংশ অবিবাহিত। এ ছাড়া ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ বিচ্ছিন্ন বা একা বসবাসকারী।

আচরণগত ও পেশাগত পরিচয় বিশ্লেষণে নতুন শনাক্তদের মধ্যে ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম), ১০ শতাংশ নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসডব্লিউ), ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী। বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে শনাক্তের হার ১১ শতাংশ। অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এ হার ১৮ শতাংশ।

শনাক্তদের ৮৭ দশমিক ৮ শতাংশের চিকিৎসা শুরু

সংক্রমণ শনাক্তের পর দ্রুত চিকিৎসা শুরুর ওপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কর্মসূচির তথ্য অনুযায়ী, এ বছর শনাক্ত হওয়া ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশ শনাক্তের পরপরই চিকিৎসা শুরু করেছেন।

নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসার মাধ্যমে শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে অন্যের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কার্যত নির্মূল করা যায়।

জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, গত বছরের তুলনায় এ বছর এইচআইভি শনাক্তের সংখ্যা প্রায় ২২ শতাংশ বেড়েছে। তবে পরীক্ষার সংখ্যা বাড়ার কারণেও শনাক্তের সংখ্যা বেড়েছে। নতুন সংক্রমণ শনাক্তের সঙ্গে সামগ্রিকভাবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ কিছু জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে এমএসএম ও এমএসডব্লিউদের মধ্যে গত কয়েক বছর ধরে শনাক্তের হার বেশি। এসব জনগোষ্ঠীর মধ্যে পরীক্ষার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। গত বছর এই দুই জনগোষ্ঠীর মধ্যে শনাক্তের হার ছিল ৪৯ শতাংশ, এ বছর তা বেড়ে ৬০ শতাংশ হয়েছে। তাঁদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্বের সঙ্গে দেখছে।

দেশে শনাক্তের বাইরে প্রায় ৩ হাজার ২০০ জন

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জন শনাক্ত হয়েছেন। ফলে আনুমানিক ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন।