মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৬:৩৩

শেয়ার

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ১ জন করে রয়েছেন। একই সময়ে নতুন করে ৬৮ জনের হাম নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য দেয়া হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১ হাজার ২৮৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ৫২৬ জন। এছাড়া চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন ও রংপুরে ৩৩ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।

নতুন নিশ্চিত হওয়া ৬৮ জন রোগীর মধ্যে ৪৩ জন ঢাকা বিভাগের এবং ২৫ জন সিলেট বিভাগের। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৬ হাজার ৩০০ জনের হাম নিশ্চিত হয়েছে। এই সময়ে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জন মারা গেছেন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।