রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি এক হাজার ২৩৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৭:৫৩

শেয়ার

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি এক হাজার ২৩৮
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যা গত দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরের ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম ও হামসংশ্লিষ্ট জটিলতায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। এর মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনায় একজন করে রয়েছেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়, যা এখন পর্যন্ত এক দিনের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ১৬২ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ এবং চট্টগ্রামে ১৫ জন রয়েছেন।

সন্দেহভাজন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫০৩ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। নিশ্চিত রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।

বিভাগওয়ারি হিসাবে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৫৬০ জন। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুরে ১৮ জন মারা গেছেন।

নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যাতেও শীর্ষে ঢাকা। এ বিভাগে মারা গেছেন ৬৮ জন। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।