শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

স্বাস্থ্য খাতে সাত হাজার টেকনোলজিস্ট-ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৮:৪৫

শেয়ার

স্বাস্থ্য খাতে সাত হাজার টেকনোলজিস্ট-ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সরকারের
ছবি সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে প্রায় সাত হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় পাঁচ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং দুই হাজার ফার্মাসিস্ট নিয়োগের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বিভিন্ন পদে আরও প্রায় তিন হাজার কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি থাকায় শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি জানান, পাঁচ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও দুই হাজার ফার্মাসিস্টসহ প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে।

স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য সংগ্রহ চলছে

অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বলেন, শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে জনবলের তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য পাওয়ার পর একত্র করে নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে।

তিনি জানান, হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী দুই সপ্তাহের মধ্যে এসব পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

জেলা পর্যায়েও স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজ চলছে। কিছু এলাকায় এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আবার কোথাও এখনো চলমান রয়েছে। কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগ প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগছে।

নিয়োগে বিশেষ কমিটি, থাকবে লিখিত ও মৌখিক পরীক্ষা

সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোতে নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে। এতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক রুমি জানান, নিয়োগ কমিটি পরীক্ষার নীতিমালা নির্ধারণ করবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পিএসসির মানদণ্ড অনুসরণ করা হবে।

নিয়োগ কমিটির তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, বিসিএস ক্যাডারের মেডিকেল ও ডেন্টাল স্নাতক চিকিৎসকদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়ে থাকে। এ ছাড়া সপ্তম ও নবম গ্রেডের কিছু নন-মেডিকেল পদও এই কমিশনের মাধ্যমে পূরণ করা হয়।

দুর্নীতির অভিযোগ ও প্রশাসনিক ব্যবস্থা

স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক রুমি বলেন, তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে অসদাচরণের সন্দেহে কোনো কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা বা পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

তার জানা মতে, এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগে কোনো বিভাগীয় মামলা হয়নি। এ পর্যন্ত যেসব বিভাগীয় মামলা হয়েছে, সেগুলোর বেশিরভাগই কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণসংক্রান্ত।

অচল চিকিৎসা সরঞ্জাম মেরামতে নির্দেশনা

চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে অব্যবহৃত ও অচল যন্ত্রপাতি কার্যকর করা এবং সময়মতো মেরামতের জন্য মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একই সঙ্গে দাপ্তরিক চিঠিপত্র ও নথিপত্র দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যাপক রুমি জানান, কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টিইএমও) এবং বিভাগীয় পর্যায়ের দপ্তরগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হচ্ছে।