শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

হামের উপসর্গে আরও সাত জনের মৃত্যু, মোট প্রাণহানি এক হাজার ৩৩৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৫:৩৩

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬ ১৫:৩৯

শেয়ার

হামের উপসর্গে আরও সাত জনের মৃত্যু, মোট প্রাণহানি এক হাজার ৩৩৬
ছবি সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৬ জনে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিভাগে সর্বোচ্চ মৃত্যু ও রোগী ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩০ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৪ জন, রাজশাহীতে ২৩ জন, সিলেটে ১৮৩ জন, চট্টগ্রামে ২২৬ জন, বরিশালে ১২৯ জন, ময়মনসিংহে ৭৩ জন, খুলনায় ১১৮ জন এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

হামে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে। তাঁদের মধ্যে ২৫ হাজার ৮৮১ জনের হাম নিশ্চিত হয়েছে।