দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে ছয়জনের বেশি জানেন না যে তারা এ রোগে আক্রান্ত। আক্রান্ত ব্যক্তিদের ৬২ দশমিক ১ শতাংশই রয়েছেন রোগ শনাক্তের বাইরে। অন্যদিকে, যারা ডায়াবেটিসে আক্রান্ত বলে জানেন, তাদেরসহ দেশের মোট রোগীর ৯২ শতাংশের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নেই। এতে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া এবং দৃষ্টিশক্তি হারানোর মতো জটিলতার ঝুঁকি বাড়ছে।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ১৪ নভেম্বর রাজধানীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব তথ্য তুলে ধরেন। তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানো, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
ঝুঁকি নির্ণয়ে আসছে ডায়াবেটিস মেলা অ্যাপ
ডায়াবেটিসের ঝুঁকি নির্ণয়, রোগ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে তথ্য দিতে ডায়াবেটিস মেলা নামে একটি অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাপটির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ডায়াবেটিস মেলার প্রধান সমন্বয়ক ডা. মো. ফজলে রাব্বী খান বলেন, অ্যাপটির মাধ্যমে একজন ব্যক্তি ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন কি না কিংবা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন কি না, সে বিষয়ে প্রাথমিক ধারণা পাবেন। ঝুঁকিতে থাকা ব্যক্তিরা প্রয়োজনীয় তথ্য ও স্বাস্থ্যকর জীবনযাপনের নির্দেশনা পাবেন। আক্রান্ত ব্যক্তিদের জন্য থাকবে চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন সহায়তা। এর মাধ্যমে রোগী ও ঝুঁকিতে থাকা ব্যক্তিরা নিজেদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় সচেতন হতে পারবেন।
সংবাদ সম্মেলনে ডায়াবেটিস মেলার উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম বলেন, বিশ্বজুড়েই ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক। দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। তাদের ৬২ দশমিক ১ শতাংশই জানেন না যে তারা এ রোগে ভুগছেন।
তিনি বলেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা ও অসচেতনতা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এ রোগ সাধারণত পুরোপুরি নিরাময়যোগ্য নয়। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, নির্দিষ্ট সময় পরপর রক্তে শর্করার মাত্রা পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের মাধ্যমে রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ডা. শাহাজাদা সেলিম আরও বলেন, দেশের ৯২ শতাংশ ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নেই। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া, রক্তনালির জটিলতা এবং চোখ ও স্নায়ুর ক্ষতি হতে পারে। এসব জটিলতায় রোগীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। একই সঙ্গে চিকিৎসার ব্যয় বাড়ে এবং পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়।
সংবাদ সম্মেলনে ডায়াবেটিস মেলা অ্যাপের লোগো উন্মোচন করেন ডা. শাহাজাদা সেলিম। তিনি জানান, যাদের জন্য অ্যাপটি তৈরি করা হচ্ছে, তাদের মতামতের ভিত্তিতে এটি পূর্ণাঙ্গ করা হবে। এ জন্য আগামী ৩১ জানুয়ারির মধ্যে সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। নির্ধারিত মতামত ফরম, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭০১-৬৬৫৪৬৫ অথবা কিউআর কোড স্ক্যান করে মতামত দেওয়া যাবে।
প্রি-ডায়াবেটিস পর্যায়ে শনাক্তের ওপর গুরুত্ব
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর বারডেম মিলনায়তনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভায়ও রোগটি প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে শনাক্তের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোর বিকাশ প্রয়োজন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নিজস্ব উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে সেবামূলক কার্যক্রম বিস্তৃত করেছে। রাষ্ট্রের বাইরে থেকেও কীভাবে বিকেন্দ্রীকৃত ও টেকসই সেবাব্যবস্থা গড়ে তোলা যায়, প্রতিষ্ঠানটি তার উদাহরণ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। তিনি প্রি-ডায়াবেটিস পর্যায়েই রোগ শনাক্ত করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন:







