বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

আট মাসে সরকারি হাসপাতালে তিন হাজার ৪৮ শয্যা বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১২:৩৩

আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ ১২:৩৭

শেয়ার

আট মাসে সরকারি হাসপাতালে তিন হাজার ৪৮ শয্যা বাড়ল
ছবি সংগৃহীত

মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গত আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮টি শয্যা বাড়িয়েছে সরকার। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি রোগীদের শয্যা প্রাপ্তি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের নথি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। একই সময়ে দেশের ঠাকুরগাঁও ও নরসিংদীতে দুটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদনও দিয়েছে সরকার। এ অনুমোদন দেওয়া হয় ১৫ মে ও ১৪ জুন।

বড় হাসপাতালগুলোতে শয্যা বেড়েছে

গত ৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে। এতে হাসপাতালটির শয্যা বেড়েছে ৬০০টি।

এর আগে ২১ মে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার করা হয়। প্রতিটি হাসপাতালে শয্যা বেড়েছে ৫০০টি করে।

গত ১৩ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়। একই দিনে রাজবাড়ী সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে ২৫০ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের শয্যা ২৫০ থেকে ৪০০ করা হয়েছে।

এ ছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে। একই সময়ে জেলার লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৩১ থেকে ৫০টিতে উন্নীত করা হয়। জুনে নরসিংদী জেলা হাসপাতালের শয্যাসংখ্যাও ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বাড়ছে সক্ষমতা

গত ১৭ মে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়। ২ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে ৫০টি।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। ফেনীর আরেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়েছে। এ ছাড়া রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া ও ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি করে শয্যা বাড়ানো হয়েছে।

দেশের উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জুনে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরে ১২ আগস্ট ওই সিদ্ধান্ত সংশোধন করে পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার নতুন পরিকল্পনা নেওয়া হয়।

বিশেষায়িত হাসপাতালেও শয্যা বৃদ্ধি

রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে। অন্যদিকে তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের শয্যা ১১৫টি বাড়িয়ে মোট ২৫০টিতে উন্নীত করা হয়েছে।

চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার মানুষকে ভালো চিকিৎসাসেবা দিতে চেষ্টা করছে।

তিনি বলেন, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হতে গিয়ে যাতে শয্যা সংকটে না পড়েন, সে জন্য মানুষের প্রয়োজন বিবেচনায় দেশের বেশ কয়েকটি সরকারি হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়ানো হয়েছে।

আগামী এক বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার প্রস্তুতি সম্পন্ন হলে দেশের চিকিৎসাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন দেখা যাবে বলে জানান তিনি।