বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

বিশ্ব নিউমোনিয়া দিবস: বাংলাদেশে প্রতি ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ০৭:৫৪

শেয়ার

বিশ্ব নিউমোনিয়া দিবস: বাংলাদেশে প্রতি ঘণ্টায় দুই শিশুর মৃত্যু
ছবি সংগৃহীত

বাংলাদেশে প্রতি ঘণ্টায় পাঁচ বছরের কম বয়সী প্রায় দুটি শিশু নিউমোনিয়ায় মারা যায়। বছরে এ রোগে প্রাণ হারায় ২৪ হাজার থেকে ২৬ হাজার শিশু। অথচ শিশুদের নিউমোনিয়া প্রতিরোধ ও চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেই। স্বাস্থ্য অধিদপ্তরও দিন, মাস কিংবা বছর শেষে এ রোগে শিশুমৃত্যুর কোনো হিসাব বা প্রতিবেদন প্রকাশ করে না।

পরিবারের সদস্যরা অনেক সময় নিউমোনিয়ার বিপজ্জনক লক্ষণ বুঝতে পারেন না। ফলে শিশুকে হাসপাতালে নিতে দেরি হয়। আবার হাসপাতালে পৌঁছানোর পরও পর্যাপ্ত চিকিৎসা পাওয়ার নিশ্চয়তা নেই। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগ শনাক্তের যন্ত্র, অক্সিজেন সরবরাহ এবং গুরুতর রোগীর চিকিৎসার ঘাটতি রয়েছে।

স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে শনাক্তকরণ ও অক্সিজেনের সংকট

তীব্র নিউমোনিয়ার অন্যতম প্রধান লক্ষণ রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া। পালস অক্সিমিটারের মাধ্যমে দ্রুত অক্সিজেনের মাত্রা পরিমাপ করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা সম্ভব। কিন্তু উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এ যন্ত্রের পাশাপাশি নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহেরও পর্যাপ্ত ব্যবস্থা নেই।

শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ডা. মারিয়া কিবতিয়া বলেন, পুষ্টিহীনতা, বায়ুদূষণ, গাদাগাদি করে বসবাস এবং চিকিৎসা নিতে দেরি হওয়ার কারণে নিউমোনিয়া মারাত্মক রূপ নেয়। তবে সচেতনতা, সময়মতো টিকা, সঠিক পুষ্টি এবং দ্রুত রোগ শনাক্ত করে চিকিৎসা দিতে পারলে অনেক শিশুর প্রাণ বাঁচানো সম্ভব।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের আট মাস বয়সী শিশু শিপ্রা দাসের উচ্চ জ্বর, পেটব্যথা, কফসহ কাশি ও শ্বাসকষ্ট শুরু হয়। তার বাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে। কিন্তু বাবা দেবাশীষ দাস শিশুটিকে হাসপাতালে না নিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। শেষ পর্যন্ত শিপ্রাকে বাঁচানো যায়নি।

শিপ্রার উপসর্গগুলো নিউমোনিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তার মতো অনেক শিশুই সময়মতো চিকিৎসা না পাওয়ায় প্রাণ হারাচ্ছে।

অনেক অভিভাবক শিশুর জ্বর, কাশি ও শ্বাসকষ্টকে সাধারণ ঠান্ডা হিসেবে ধরে নেন। রোগের লক্ষণ বুঝতে পারলেও চিকিৎসকের কাছে নিতে দেরি করেন। এতে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং মৃত্যুর ঝুঁকি বাড়ে।

বাড়িতেই মারা যাচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত অনেক শিশু

জার্নাল অব গ্লোবাল হেলথে প্রকাশিত বাংলাদেশের একটি গবেষণায় দেখা গেছে, নিউমোনিয়ায় মারা যাওয়া শিশুদের ৪৮ শতাংশের মৃত্যু হয়েছে বাড়িতে। ৪৪ শতাংশ মারা গেছে হাসপাতালে এবং ৮ শতাংশ হাসপাতালে নেওয়ার পথে। এমনকি ৭ শতাংশ শিশুর জন্য কোনো চিকিৎসাই নেওয়া হয়নি।

সরকারি হিসাব অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মোট মৃত্যুর ২৪ শতাংশের জন্য দায়ী নিউমোনিয়া। এ রোগে সংক্রমণের হারে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। গত পাঁচ বছরে শিশুদের নিউমোনিয়ায় মৃত্যুর হারেও কোনো পরিবর্তন আসেনি।

গবেষণায় দেশের নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্রগুলোর চিকিৎসাসেবার সীমাবদ্ধতাও উঠে এসেছে। এসব কেন্দ্রের ১০ শতাংশেরও কম জায়গায় রয়েছে পালস অক্সিমিটার। এক-তৃতীয়াংশ জেলা হাসপাতাল এবং এক-চতুর্থাংশ উপজেলা হাসপাতালে নিয়মিত অক্সিজেন দেওয়ার ব্যবস্থা নেই। দুই-তৃতীয়াংশ স্বাস্থ্যকেন্দ্রে শ্বাস-প্রশ্বাসের গতি মাপার যন্ত্র এআরআই টাইমারও নেই।

প্রায় অর্ধেক স্বাস্থ্যকেন্দ্রে সঠিক ওজন মাপার যন্ত্রের অভাব রয়েছে। পাশাপাশি নিউমোনিয়ার চিকিৎসায় ব্যবহৃত প্রধান ওষুধ অ্যামোক্সিসিলিনেরও সংকট রয়েছে।

গুরুতর অসুস্থ শিশুকে উপজেলা থেকে জেলা হাসপাতালে পাঠানোর ক্ষেত্রেও নানা সমস্যা দেখা দেয়। দূরত্ব, অ্যাম্বুলেন্সের অভাব এবং পথে অক্সিজেনের ব্যবস্থা না থাকায় শিশুর ঝুঁকি বেড়ে যায়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করা গেলে অনেক শিশুর জীবন রক্ষা করা সম্ভব হতো।

দারিদ্র্য ও মায়ের শিক্ষার সঙ্গে মৃত্যুর সম্পর্ক

নিউমোনিয়ায় শিশু মৃত্যুর সঙ্গে পরিবারের আর্থিক অবস্থা, মায়ের শিক্ষাগত যোগ্যতা এবং গর্ভাবস্থা ও প্রসবকালীন স্বাস্থ্যসেবার সম্পর্ক রয়েছে।

শহরের বস্তি এলাকার শিশুদের নিয়ে ২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, বাড়িতে জন্ম নেওয়া শিশুদের মধ্যে নিউমোনিয়ায় মৃত্যুর হার প্রায় ২১ শতাংশ। হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে এ হার প্রায় ১১ শতাংশ।

যেসব মায়ের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাঁদের সন্তানদের মধ্যে নিউমোনিয়ায় মৃত্যুর হার ২২ শতাংশের বেশি। অন্যদিকে কিছুটা লেখাপড়া জানা বা মাধ্যমিক পাস মায়েদের সন্তানদের ক্ষেত্রে এ হার অনেক কম। গবেষকদের মতে, মা ও শিশুর উন্নত স্বাস্থ্যসেবা এবং দরিদ্র পরিবারগুলোর জন্য চিকিৎসার সমান সুযোগ নিশ্চিত করা গেলে এ মৃত্যু কমানো সম্ভব।

চিকিৎসার খরচও অনেক পরিবারের জন্য বড় বাধা। গবেষণায় দেখা গেছে, নিউমোনিয়ায় শিশু মারা গেছে এমন প্রায় অর্ধেক পরিবার চিকিৎসার খরচ বহন করতে পারেনি। হাসপাতালে ভর্তি, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও খাবারের ব্যয় মেটানোর আশঙ্কায় দরিদ্র পরিবারের অনেকে চিকিৎসা নিতে আগ্রহী হন না।

চর, হাওর ও পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য রাতের বেলা কিংবা প্রতিকূল আবহাওয়ায় অসুস্থ শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে।

ভাইরাস ও ব্যাকটেরিয়া দুই কারণেই হয় নিউমোনিয়া

ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক মো. আবিদ হোসেন মোল্লা বলেন, সাধারণত কাশি দিয়ে নিউমোনিয়ার উপসর্গ শুরু হয়। অনেক রোগী দুই থেকে চার সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তবে রোগ জটিল হলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে এবং মৃত্যুও হতে পারে। শিশু, বয়স্ক ব্যক্তি এবং আগে থেকে হৃদ্‌যন্ত্র বা ফুসফুসের সমস্যায় ভোগা ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন।

নিউমোনিয়া ভাইরাস ও ব্যাকটেরিয়া উভয়ের সংক্রমণে হতে পারে। ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায় সাধারণত উচ্চ জ্বর ও ঘন কফসহ কাশি দেখা দেয়। ভাইরাসজনিত সংক্রমণে ঠান্ডা, সর্দি ও জ্বর হতে পারে। এ ক্ষেত্রে পরিবারের অন্য সদস্যরাও একই সময়ে আক্রান্ত হতে পারেন।

কোনো শিশু বারবার নিউমোনিয়ায় আক্রান্ত হলে যক্ষ্মা, জন্মগত হৃদ্‌রোগ কিংবা রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতি রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা প্রয়োজন।

আইসিডিডিআরবির ২০১৯ ও ২০২১ সালের গবেষণায় হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী মারাত্মক কিছু ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া নতুন ধরনের কিছু ব্যাকটেরিয়ার কারণেও শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য উঠে এসেছে।

দূষণ ও পুষ্টিহীনতা বাড়াচ্ছে সংক্রমণের ঝুঁকি

চিকিৎসকদের মতে, ঘরের ভেতরের বায়ুদূষণ কমানো এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস নিউমোনিয়ার সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।

গবেষণায় দেখা গেছে, ঘরের ভেতরের বাতাসের মান ভালো রাখলে নিউমোনিয়ায় মৃত্যুর ঝুঁকি অর্ধেক কমতে পারে। সাবান দিয়ে নিয়মিত হাত ধুলে সংক্রমণের হার কমে প্রায় ২১ শতাংশ।

গ্রামাঞ্চলে রান্নার চুলার ধোঁয়া এবং শহরের বায়ুদূষণ শিশুদের ফুসফুসের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এর সঙ্গে গাদাগাদি করে বসবাসের পরিবেশ সংক্রমণের ঝুঁকি আরও বাড়ায়।

পুষ্টিহীনতাও নিউমোনিয়ার অন্যতম ঝুঁকির কারণ। পুষ্টিহীনতায় ভোগা শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা স্বাভাবিক পুষ্টির শিশুদের তুলনায় প্রায় ১৫ গুণ বেশি। ফলে শিশুর পুষ্টি নিশ্চিত করা, সময়মতো টিকা দেওয়া, সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্র ও অক্সিজেনের ব্যবস্থা করা শিশুদের মৃত্যু কমাতে গুরুত্বপূর্ণ।