বৃহস্পতিবার

২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক, ১৪৩৩

দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১৭:৩৭

শেয়ার

দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২০৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২ জন রোগী।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের আট বিভাগেই হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২০০ জন, সিলেটে ১২৫ জন, বরিশালে ৯৪ জন, খুলনায় ৮১ জন, ময়মনসিংহে ৬৫ জন, রংপুরে ৩০ জন এবং রাজশাহীতে ২১ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।

অন্যদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৪৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১০৩ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০৭ জন।