মঙ্গলবার

২০ অক্টোবর, ২০২৬ ৫ কার্তিক, ১৪৩৩

জ্যেষ্ঠ অধ্যাপককে বাদ দিয়ে আওয়ামীপন্থী চিকিৎসক বিভাগীয় প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ১০:৫৭

শেয়ার

জ্যেষ্ঠ অধ্যাপককে বাদ দিয়ে আওয়ামীপন্থী চিকিৎসক বিভাগীয় প্রধান
ছবি সংগৃহীত

ঢাকার মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) পেডিয়াট্রিক্স (শিশু) বিভাগের বিভাগীয় প্রধানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন নিওনেটাল (নবজাতক) বিভাগের অধ্যাপক ডা. আ ন ম নুরুল হক ভূঁইয়া। শিশু বিভাগে তাঁর চেয়ে জ্যেষ্ঠ বিসিএস কর্মকর্তা ও অধ্যাপক কর্মরত থাকলেও অন্য বিভাগ থেকে তাঁকে এ দায়িত্ব দেওয়ায় প্রশ্ন উঠেছে। নুরুল হক ভূঁইয়া আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য বলে জানা গেছে।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) আইসিএমএইচের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ মুজিবুর রহমান স্থায়ীভাবে চলে যাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে নুরুল হক ভূঁইয়া শিশু বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন। আদেশটি ওই দিন থেকেই কার্যকর হয়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর ডা. মোহাম্মদ মুজিবুর রহমানকে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি ১৮ অক্টোবর সেখানে যোগ দেন।

স্বাচিপের সদস্যপদ নিয়ে আলোচনা

খোঁজ নিয়ে জানা গেছে, নুরুল হক ভূঁইয়া ২১তম বিসিএসের কর্মকর্তা। তাঁর বিসিএস কোড নম্বর ১০৯৯৫১ এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন নম্বর ২৪১৯০। তিনি আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাচিপের সদস্য। সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার সদস্য তালিকায় তাঁর সদস্য নম্বর GM4601M উল্লেখ রয়েছে।

আইসিএমএইচ সূত্রের অভিযোগ, স্বাচিপের সদস্য হওয়ার কারণে একসময় তাঁর পদোন্নতি আটকে ছিল। পরে বিভিন্ন মহলে তদবিরের মাধ্যমে ২০২৫ সালে পদোন্নতি পেয়ে অধ্যাপক হিসেবে আইসিএমএইচে যোগ দেন তিনি। এর আগে ২০১৬ সালে নবজাতক বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেন নুরুল হক ভূঁইয়া।

এদিকে, আইসিএমএইচের অফিস আদেশে তাঁকে বিভাগীয় প্রধানের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর যোগ্যতা বা জ্যেষ্ঠতা নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আদেশে শুধু পূর্ববর্তী বিভাগীয় প্রধান স্থায়ীভাবে চলে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বক্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্টদের

এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যাপক ডা. আ ন ম নুরুল হক ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো ক্ষুদেবার্তারও কোনো জবাব পাওয়া যায়নি।

আইসিএমএইচের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাঁকেও হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।