মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২০ আশ্বিন, ১৪৩৩

কিশোরীর মৃত্যু ঘিরে মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ০৩:০০

শেয়ার

কিশোরীর মৃত্যু ঘিরে মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভাঙচুর
ছবি সংগৃহীত

রাজধানীর মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে রোগীর স্বজন ও স্থানীয় ১৫ থেকে ২০ জন ব্যক্তি হাসপাতালে ঢুকে ভাঙচুর চালান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত ওই কিশোরীর মৃত্যুর পর ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তারা হাসপাতালের নিচতলায় হামলা ও ভাঙচুর চালান।

মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রেজওয়ানুল ইসলাম জানান, হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কী কারণে হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি।

তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।’

এ সময় হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। ঘটনার পর হাসপাতালের কর্মকর্তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।