সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

রাড্ডা হাসপাতালে ভাঙচুরের নেপথ্যে কী?

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১১

আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৩

শেয়ার

রাড্ডা হাসপাতালে ভাঙচুরের নেপথ্যে কী?
ছবি সংগৃহীত

ঢাকার মিরপুর-১ নম্বরের 'রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র'। অর্ধ শতাব্দী ধরে, নিম্ন আয়ের মানুষের চিকিৎসার ভরসাস্থল এই প্রতিষ্ঠান এখন, শুধুই এক ধ্বংসস্তূপ। কোনো আইনি নোটিশ বা সরকারি উচ্ছেদ নয়, বরং বহুমূল্যবান জমির দখল নিতে রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হয়েছে গরিবের এই হাসপাতালটি।

হামলার বিবরণ

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার পর, মিরপুর ১ নম্বরের এই স্বাস্থ্যকেন্দ্রে, অতর্কিত হামলা চালায়, মুখোশ পরা ২০০ থেকে ২৫০ জনের একদল অস্ত্রধারী দুর্বৃত্ত।

আর আলট্রাসনোগ্রাম মেশিন, এসি, জীবনরক্ষাকারী ওষুধ, সরকারি টিকাদান কর্মসূচির ভ্যাকসিন এবং নগদ অর্থসহ প্রায় দেড় কোটি টাকার সরঞ্জাম লুট করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এরপর ভারী বুলডোজার এনে একে একে গুঁড়িয়ে দেয়া হয় হাসপাতালের পাকা ও আধাপাকা ভবনগুলো। হামলার পর ক্লিনিকের জায়গায় 'সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড'-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয় দখলদাররা।

দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের জমিটি দখলের উদ্দেশ্যে এই সুপরিকল্পিত হামলা চালানো হয়। ঘটনাটিকে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

জমির মালিকানা নিয়ে দাবি

সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে দাবি করা হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দ ও রেজিস্ট্রি দলিলের ভিত্তিতে, মিরপুর-১ এর ১০ কাঠা জমির ওই প্লটের মালিক তারা।

আর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার কর্তৃপক্ষ ও নির্বাহী পরিচালক ডা. নাসরীন আক্তার জানান, ১৯৭৬ সাল থেকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির মাধ্যমে তারা এই জমি ব্যবহার করে আসছে এবং নিয়মিত চুক্তি নবায়ন করে দাতব্য চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছে। এই জমি নিয়ে এর আগেও বিভিন্ন সময় মামলা ও বিরোধ হয়েছে।

পুলিশের ব্যবস্থা

ভাঙচুরের সময় ঘটনাস্থলে পুলিশের নীরব ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা উঠলে নড়েচড়ে বসে প্রশাসন। এরপরই সাঁড়াশি অভিযান চালিয়ে, সবশেষ তথ্য অনুয়ায়ী এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া কিছু মালামালও।

এমন ভয়াবহ ধ্বংসস্তূপের মধ্যেও অবশ্য, থেমে নেই ওই ক্লিনিকের সেবা কার্যকম।

অন্যান্য ঘটনা

অন্যদিকে, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ইসিবি চত্বরে, নিউ গিনি প্রপার্টিজের একটি ফ্লোরে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে এক ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সচেতন মহলের পর্যবেক্ষণ

প্রধানমন্ত্রী তারিক রহমানকে, বেকায়দায় ফেলতে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে, রাজধানীসহ দেশজুড়ে সহিংস ঘটনার ষড়যন্ত্র চলছে বলেই মনে করছে সচেতন মহল। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে বাড়তে সতর্ক থাকার আহ্বান তাদের।