বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

জীবন বাঁচানোর হাসপাতালেই এখন যেন মৃত্যুপুরী!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১৯:২৪

শেয়ার

জীবন বাঁচানোর হাসপাতালেই এখন যেন মৃত্যুপুরী!
ছবি বাংলা এডিশন

রাজধানীর ধানমণ্ডির শংকরে অবস্থিত সুপার স্পেশালাইজড হাসপাতালে সন্তান প্রসব করাতে এসে এক প্রসূতি ও তার গর্ভজাত সন্তানের মৃত্যুকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেছেন, নার্সের অবহেলা ও চিকিৎসকের দায়িত্বহীনতার কারণেই প্রসূতি ও তার গর্ভজাত সন্তানের মৃত্যু হয়েছে।

হাসপাতালের সামনে স্বজনদের আহাজারির একটি ভিডিও দেখা যায়। ভিডিওতে উঠে আসা রোগীর মৃত্যু রহস্য উদ্ঘাটন এবং হাসপাতালের ওপর ওঠা অভিযোগগুলো যাচাই করতে সরেজমিনে সুপার স্পেশালাইজড হাসপাতালে উপস্থিত হয় বাংলা এডিশনের অনুসন্ধানী দল। সেখানে গিয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা জানা যায়।

হাসপাতালে নানা অনিয়মের অভিযোগ

ঘটনার সত্যতা বাংলা এডিশনের টিমকে অনুসন্ধানের আরও গভীরে নিয়ে যায়। হাসপাতালের পাশে থাকা সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও মুখ খুলতে নারাজ সবাই। অবশেষে পাশের এক টং দোকানদারের সাথে কথা বলার একপর্যায়ে জানা যায়, ধানমণ্ডির শংকরে অবস্থিত সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রায়ই ভুল চিকিৎসাজনিত মৃত্যুর ঘটনা ঘটে থাকে।

অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে মৃতের স্বজনদের ইনিয়ে-বিনিয়ে মীমাংসার চেষ্টা করে। এমনকি অর্থের বিনিময়ে বিষয়টিকে ধামাচাপা দেয়ারও অভিযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অপরদিকে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমার সঙ্গে কথা বলেও এ বিষয়ে কিছুটা ইঙ্গিত পাওয়া যায়।

এছাড়াও এই হাসপাতালের বিরুদ্ধে সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী এনে ভর্তি করানো, অতিরিক্ত মূল্যে পরীক্ষা, নিম্নমানের ওষুধ প্রেসক্রাইব এবং ওষুধ কোম্পানির সঙ্গে গোপন সমঝোতাসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায় গোপন সূত্রে।

কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

সুপার স্পেশালাইজড হাসপাতালের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করে টিম এডিশন। বেশ চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে মুঠোফোনে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। কিন্তু প্রশ্নের জবাবে তাদের আচরণ ছিলো অসৌজন্যমূলক। দেয়া হয় হুমকি।

এছাড়াও চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ সামনে নিয়ে আসলে শুধু হুমকিই নয়, ছুড়ে দেয়া হয় বিদ্রুপের এক তীর্যক তীর। কথার এক পর্যায়ে সকল অভিযোগ অস্বীকার করেন সুপার স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়াও আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালটি নির্বিঘ্নে ব্যবসা করেছে বলেও বিভিন্ন গোপন সূত্রে জানতে পারে বাংলা এডিশনের অনুসন্ধানী দল। অপরদিকে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অনিয়মের কিছুটা সত্যতাও উঠে আসে হাসপাতালের কো-অর্ডিনেটরের বিভিন্ন কথায়।

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ধানমণ্ডিতে গড়ে ওঠা সুপার স্পেশালাইজড হাসপাতাল। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী এখানে চিকিৎসকের অবহেলার কারণে মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়।