রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘ ৪৫ দিন পর পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সোমবার (২৭ জুলাই) বিকেলে হাসপাতালটির লাইসেন্স ফেরত দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দেয়।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাইসেন্স ফিরে পাওয়ায় আগামী মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ৪৫.০০.০০০০.০০০.১৬৩.২৭.০০১৪.২৬ (অংশ-২).১০৩ নম্বর স্মারকের মাধ্যমে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমোদন দেওয়া হয়।
লাইসেন্স ফেরত পাওয়ায় মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন সময়ে আদ্-দ্বীনের পক্ষে প্রকাশ্যে সমর্থন ও বক্তব্য দেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোকেও ধন্যবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:








