বৃহস্পতিবার

২৩ জুলাই, ২০২৬ ৭ শ্রাবণ, ১৪৩৩

কেরানীগঞ্জে দুই হাসপাতালে জরিমানা ও এনআইসিইউ বন্ধ

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ২০:০৩

শেয়ার

কেরানীগঞ্জে দুই হাসপাতালে জরিমানা ও এনআইসিইউ বন্ধ
ছবি সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অনুমোদন ছাড়া পরিচালিত একটি হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকাদ্দেস হোসেন।

ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ লাইফ কেয়ার হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নবজাতকদের নিবিড় পরিচর্যার জন্য এনআইসিইউ সেবা চালু রাখা হয়েছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে সেবাটি বন্ধ করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিতে আরও কয়েকটি অনিয়ম পাওয়া গেছে বলে জানা যায়। অপরদিকে, লাইসেন্স নবায়ন না করা এবং সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে কদমতলী ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্য

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকাদ্দেস হোসেন বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, অনুমোদন ছাড়া এনআইসিইউর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা পরিচালনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপের পাশাপাশি সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য প্রতিষ্ঠানটিকেও লাইসেন্স নবায়ন ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনেক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বিধিবহির্ভূত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close