মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

অস্ত্রোপচারের পর কলেজছাত্রীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

শরিফুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৩:৫৭

শেয়ার

অস্ত্রোপচারের পর কলেজছাত্রীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
ছবি বাংলা এডিশন

ফরিদপুরে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর ১৭ বছর বয়সী কলেজছাত্রী আয়েশা আফরিন লাজমনির মৃত্যুকে ঘিরে চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় বিক্ষোভ করেছেন স্বজন ও স্থানীয়রা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। তবে চিকিৎসা অবহেলার অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহত আয়েশা আফরিন লাজমনি ফরিদপুর সদরপুর উপজেলার আকোটের চর এলাকার বাসিন্দা এবং ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবারের অভিযোগ

পরিবারের সদস্যদের দাবি, তীব্র পেটব্যথা নিয়ে লাজমনিকে শহরের আল-জারা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করে রাতেই অস্ত্রোপচার করেন। কিন্তু অপারেশনের পর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল এলাকায় বিক্ষোভ

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে বিক্ষোভ করেন স্বজন ও স্থানীয়রা। তাদের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই প্রাণ গেছে কলেজছাত্রী আয়েশার। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

নিহতের মায়ের অভিযোগ

নিহতের মায়ের দাবি, অস্ত্রোপচারটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আতিকুল আহসান করেন। তার অভিযোগ, চিকিৎসক অপারেশনকে সাধারণ বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু অপারেশনের পর মেয়ের অবস্থার অবনতি হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

অন্যদিকে চিকিৎসা অবহেলার অভিযোগ অস্বীকার করেছে আল-জারা স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাসপাতালের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি হয়নি।

তবে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তদন্ত কমিটি গঠন

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান। তদন্তে চিকিৎসা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

একটি অস্ত্রোপচারের পর কলেজছাত্রীর মৃত্যু, এ ঘটনাকে ঘিরে এখন প্রশ্নের মুখে চিকিৎসাসেবার মান ও জবাবদিহিতা। পরিবারের অভিযোগের সত্যতা মিলবে কি না, তা নির্ভর করছে তদন্ত প্রতিবেদনের ওপর। তবে সেই প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষায় রয়েছে স্বজন, সহপাঠী এবং পুরো ফরিদপুরবাসী।



banner close
banner close