শুক্রবার

৩ জুলাই, ২০২৬ ১৯ আষাঢ়, ১৪৩৩

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, এ বছর প্রাণহানি ৭২৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬ ১৯:২২

শেয়ার

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, এ বছর প্রাণহানি ৭২৯
ছবি সংগৃহীত

দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৯ জনে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০৭ শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত প্রায় সাড়ে তিন মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ৯৩ জনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। বাকি ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে হামের তীব্র উপসর্গ নিয়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হামের বিস্তার রোধে নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।



banner close
banner close