সোমবার

২২ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

আদ্-দ্বীনের পাশে গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৫:৩৭

শেয়ার

আদ্-দ্বীনের পাশে গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি প্রকাশ
ছবি সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি সংহতি প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। হাসপাতালটির স্বাভাবিক কার্যক্রম অতিদ্রুত শুরু করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন শিরীন পারভিন হক স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই সংহতি প্রকাশ করা হয়।

গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার পর গত ৪ জুন হাসপাতালকে শোকজ নোটিশ পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয় এবং চিকিৎসাধীন রোগীদের তিন দিনের মধ্যে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের চিঠিতে উল্লেখ করা হয়, আদ্-দ্বীন হাসপাতাল সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং দীর্ঘদিন যাবত লক্ষ লক্ষ দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ এই হাসপাতালের মাধ্যমে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা পেয়ে আসছে। হাসপাতালে ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে সরকার মগবাজারস্থ আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তা সুবিবেচনাপ্রসূত নয় বলে মনে করে গণস্বাস্থ্য কেন্দ্র।

চিঠিতে আরও বলা হয়, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবাদানকারী প্রতিষ্ঠান আদ্-দ্বীন হাসপাতালের এই কঠিন সময়ে তাদের পাশে থাকার কথা জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। সংশ্লিষ্ট সকল পক্ষ প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতার মাধ্যমে এই অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয় চিঠিতে। সীমিত আয়ের মানুষের জন্য রোগিবান্ধব হাসপাতাল হিসেবে পরিচিত আদ্-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম আইনসিদ্ধভাবে অতিদ্রুত শুরু হোক এবং দরিদ্র মানুষের চিকিৎসাসেবার ধারাবাহিকতা রক্ষা হোক, এই প্রত্যাশা ব্যক্ত করা হয় চিঠিতে।

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হলেও আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। অমানবিক সেবার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আপিল করার কথা জানিয়েছে।



banner close
banner close