সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৮৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশুর প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন এবং বাকি ৫৮৪ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। তিন মাসেরও বেশি সময় ধরে চলা এই প্রাদুর্ভাবে টিকা কার্যক্রম জোরদার করা হলেও সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, উল্লেখিত সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও ৯১ হাজার ৭৮৯ জন। বিভাগীয় পর্যায়ের তথ্যে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ৩০৪ জন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৭৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই চিত্র উঠে এসেছে। টিকাদান কর্মসূচি চলমান থাকলেও প্রতিদিন বিপুল সংখ্যক শিশু নতুন করে আক্রান্ত হচ্ছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ।
আরও পড়ুন:








