আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া শিশু মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। পরিচালনা পর্ষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জামালুন্নেসা পিএইচডিকে নির্বাহী পরিচালকের দায়িত্ব দিয়েছে।
মঙ্গলবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগে ২৫ বছরের বেশি সময় শিক্ষকতার পর সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ওই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তদারকি ব্যবস্থা জোরদার এবং বিদ্যমান প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
অবকাঠামোগত সংস্কারের অংশ হিসেবে বায়ু চলাচল ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে তিনজন স্বাধীন পরামর্শকের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তনের কাজ চলমান রয়েছে। এ ছাড়া কর্পোরেট অফিসের ওপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এবং একটি কলেজিয়েট স্কুল রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল মগবাজার, ঢাকায় বিগত ২৯ বছরে এক কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ১১ জুন ২০২৬ পর্যন্ত হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন প্রায় দুই হাজার রোগী সেবা নিয়েছেন। এই হাসপাতালে সরাসরি এক হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী কর্মরত রয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী। আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বর্তমানে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত।
বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন ফাউন্ডেশন রোগীর চিকিৎসায় মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
আরও পড়ুন:








