চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। পরপর দুই সন্তানকে হারিয়ে শোকাহত ও দিশেহারা হয়ে পড়েছেন তাদের বাবা-মা।
সর্বশেষ বুধবার (৩ জুন) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নোমান (দেড় বছর) নামের এক শিশুর মৃত্যু হয়। এর আগে ১৫ দিন আগে তার যমজ ভাই ফাহিম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত ফাহিম ও নোমান উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া তাকিয়া পাড়া এলাকার হারুন উর রশিদের সন্তান।
শিশুদের বাবা হারুন উর রশিদ জানান, সরকারিভাবে হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম চলাকালে তিনি দুই সন্তানকে টিকা দিতে নিয়ে গিয়েছিলেন। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাকে জানান, টিকা শেষ হয়ে গেছে। ফলে তিনি সন্তানদের টিকা দিতে পারেননি।
তিনি বলেন, কিছুদিন পর আমার যমজ দুই ছেলের মধ্যে বড় ছেলে ফাহিম অসুস্থ হয়ে পড়ে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর সে মারা যায়।
হারুন উর রশিদ আরও বলেন, ফাহিমের মৃত্যুর পর চিকিৎসকরা জানান, নোমানের অবস্থাও ভালো নয় এবং দ্রুত তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরেও সিট না পেয়ে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করি। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে নোমানও মারা যায়। মাত্র ১৫ দিনের ব্যবধানে আমার যমজ দুই সন্তানকে হারিয়েছি। এই শোক কোনোভাবেই মেনে নিতে পারছি না।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাছির উদ্দিন বলেন, হামের উপসর্গে মিরসরাইয়ে দুই শিশুর মৃত্যুর তথ্য আমাদের কাছে নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে এ ধরনের রোগীর তথ্য আমাদের কাছে থাকে।
আরও পড়ুন:


.jpg)





