বুধবার

৩ জুন, ২০২৬ ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আদ্-দ্বীন হাসপাতালে বাড়ছে স্বাভাবিক প্রসবের হার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ২০:৪৮

শেয়ার

আদ্-দ্বীন হাসপাতালে বাড়ছে স্বাভাবিক প্রসবের হার
ছবি সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল অযৌক্তিক সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত এক বছরে হাসপাতালটিতে প্রায় ১৫ হাজার প্রসূতির স্বাভাবিক সন্তান প্রসব সম্পন্ন হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদুল আযহার পরবর্তী ছয় দিনে এই হাসপাতালে মোট ১৮৯টি প্রসব সম্পন্ন হয়েছে, যার মধ্যে ৬১টি স্বাভাবিক এবং ১২৮টি সিজারিয়ান। স্বাভাবিক কার্যক্রমে হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি স্বাভাবিক এবং ৬০ থেকে ৬৫টি সিজারিয়ান প্রসব পরিচালিত হয়।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, পূর্বে সিজারিয়ান প্রসব হয়েছে এমন প্রসূতিদেরও কাউন্সেলিংয়ের মাধ্যমে পরবর্তী সন্তান স্বাভাবিকভাবে প্রসব করানো সম্ভব হচ্ছে।

হাসপাতালের গর্ভবতী সেবা কেন্দ্রে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ জনেরও বেশি গর্ভবতী মা অ্যান্টিনেটাল কেয়ার গ্রহণ করতে আসেন। প্রতিটি গর্ভবতী মায়ের জন্য একজন নিবেদিত মিডওয়াইফ দায়িত্ব পালন করেন। চেকআপের তারিখ ও প্রসবের আগে নিয়মিত টেলিযোগাযোগের মাধ্যমে রোগীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হয় এবং হাসপাতালে প্রসবে উৎসাহিত করা হয়।

আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন জানান, হাসপাতালটি প্রতিষ্ঠার শুরু থেকেই স্বাভাবিক প্রসবের মাধ্যমে রোগীদের আস্থা অর্জন করে আসছে। তিনি বলেন, মূল লক্ষ্য হলো নিরাপদ সন্তান প্রসব নিশ্চিত করা। আগে সিজারিয়ান হলেও কাউন্সেলিংয়ের মাধ্যমে পরবর্তী প্রসব স্বাভাবিকভাবে করানো হয়, তবে সর্বদা মা ও শিশুর সুস্থতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

হাসপাতালটি একটি রেফারেল কেন্দ্র হিসেবেও কার্যক্রম পরিচালনা করে। দেশের বিভিন্ন স্থান থেকে রেফার হওয়া রোগীরা প্রসবের জন্য এই হাসপাতালে আসেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের বহির্বিভাগে ১ হাজার ২৩৮ জন রোগী সেবা নিয়েছেন এবং ৬৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানব সম্পদ ও কোম্পানি বিষয়ক পরিচালক তারিকুল ইসলাম মুকুলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।



banner close
banner close