রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল জানিয়েছে, গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সৃষ্ট পরিস্থিতি কাটিয়ে বর্তমানে হাসপাতালটির চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে। হাসপাতালটিতে বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের সেবা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৭ সাল থেকে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিক চিকিৎসাসেবা দিয়ে আসছে। হাসপাতালটি একটি টার্শিয়ারি কেয়ার সেন্টার হিসেবে নারী, শিশু ও পুরুষ রোগীদের সেবা প্রদান করছে। এখানে আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিটসহ বিশেষায়িত চিকিৎসাসেবা চালু রয়েছে। এছাড়া শতাধিক শয্যাবিশিষ্ট নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রও রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট ইউনিটগুলোতে সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয় এবং স্বনামধন্য চিকিৎসক ও নার্সরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গরিব ও অসহায় রোগীদের জন্য সারা বছর স্বল্পমূল্যে বিভিন্ন চিকিৎসাসেবা প্রদান করা হয়। অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন এড়ানো এবং স্বাভাবিক সন্তান প্রসবে উৎসাহ দেওয়ার বিষয়ে হাসপাতালটি গুরুত্ব দিয়ে কাজ করছে। এমনকি পূর্বে সিজারিয়ান ডেলিভারির ইতিহাস থাকলেও উপযুক্ত ক্ষেত্রে স্বাভাবিক প্রসবের বিষয়ে রোগীদের উৎসাহিত করা হয়।
শরীয়তপুর থেকে চিকিৎসা নিতে আসা ফাতিমা জানান, তার প্রথম সন্তান স্বাভাবিকভাবে এবং দ্বিতীয় সন্তান সিজারিয়ান পদ্ধতিতে জন্ম হয়েছিল। তিনি এবার সিজারিয়ানের প্রস্তুতি নিয়ে হাসপাতালে এলেও চিকিৎসক ও নার্সদের প্রচেষ্টায় স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।
আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সর্বাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিট পরিচালিত হচ্ছে। তিনি জানান, হাসপাতালের ৭০০ শয্যার মধ্যে ৩০০টি বিনামূল্যে ব্যবহারের জন্য নির্ধারিত এবং রোগীদের জন্য বিভিন্ন সুবিধা বিনামূল্যে প্রদান করা হয়। সরকারের প্রযোজ্য নীতিমালা অনুসরণ করেই হাসপাতালটি পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বহির্বিভাগে ১ হাজার ৫২ জন রোগী সেবা গ্রহণ করেছেন। একই সময়ে ৬৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ৩৬ জন প্রসূতির সন্তান জন্ম হয়েছে। বর্তমানে এনআইসিইউতে ৫৬ জন নবজাতক ও আইসিইউতে আটজন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া ৩৪ জন রোগী কিডনি ডায়ালাইসিস সেবা গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা আলোচনার জন্ম দেয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই ঘটনার পর সেবা কার্যক্রমে সাময়িক প্রভাব পড়লেও বর্তমানে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে স্বাভাবিক সেবায় ফিরে এসেছে।
আরও পড়ুন:
.jpg)







