দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া ৭৭ দিনে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৫৮৫ জনে দাঁড়িয়েছে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৯৫ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৩ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৩২৪ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৯ হাজার ৪৯ জনে পৌঁছেছে। অন্যদিকে, সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।
হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন:








