ঢাকার মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মীদের অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর পর তদন্ত কমিটি ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের ধারাবাহিক পরিদর্শনে হাসপাতালে অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। এতে চিকিৎসক ও কর্মীরা তীব্র মানসিক চাপে ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন শেষে একদল সাংবাদিক হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করলে কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। হাসপাতালের দাবি, এক সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করলে কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আদ্-দ্বীন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানায়, তারা সর্বদা গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মীদের অনিচ্ছাকৃত আচরণে কোনো সাংবাদিক আঘাত পেয়ে থাকলে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানায় প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন:








