শুক্রবার

২৯ মে, ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু, ওয়ার্ডে নির্মাণ ত্রুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মে, ২০২৬ ১৪:১১

শেয়ার

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু, ওয়ার্ডে নির্মাণ ত্রুটি
ছবি সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি ওই ওয়ার্ডে নির্মাণ ত্রুটির প্রমাণ পেয়েছে। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ এ তথ্য নিশ্চিত করেন। তদন্ত প্রতিবেদন আগামীকাল শনিবার (৩০ মে) জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

গত বুধবার (২৮ মে) সকালে হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার সময় ওই ওয়ার্ডে ১১ জন মা ও ছয়টি নবজাতক ভর্তি ছিল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে ওয়ার্ডে থাকা এক মা ঠান্ডা অনুভব করায় কর্তব্যরত নার্সকে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখার অনুরোধ করেন। সেই অনুযায়ী নার্স প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন। পরে গরম অনুভূত হলে পুনরায় এসি চালু করা হয়। এরপর অল্প সময়ের মধ্যেই দুটি নবজাতক অসুস্থ হয়ে পড়ে এবং তাদের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। ক্রমান্বয়ে বাকি শিশুরাও অসুস্থ হয়ে পড়ে এবং সকাল নাগাদ ছয়টি নবজাতকই মারা যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করে, এসি এক ঘণ্টা বন্ধ থাকাই নবজাতকদের মৃত্যুর কারণ হতে পারে। তবে মৃত শিশুদের স্বজনরা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলাকে এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী করছেন।

ঘটনার কারণ ও সামগ্রিক অব্যবস্থাপনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করে।



banner close
banner close