বুধবার

২৭ মে, ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আদ-দ্বীনে মারা যাওয়া শিশুদের বয়স ১ থেকে ২ দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৬ ১২:৫৫

শেয়ার

আদ-দ্বীনে মারা যাওয়া শিশুদের বয়স ১ থেকে ২ দিন
ছবি সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এক থেকে দুই দিন বয়সী ছয়টি নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। গভীর রাতে ঘটনাটি ঘটে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার সময় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা এবং ছয়টি সদ্যোজাত শিশু ভর্তি ছিল। রাতের বেলা শিশুগুলো একে একে কান্না ও বমি শুরু করে এবং দ্রুত অসুস্থ হয়ে পড়ে। সকাল হওয়ার আগেই সবগুলো শিশুর মৃত্যু ঘটে।

মৃত শিশুদের স্বজনরা বেশ কয়েকটি গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। এক শিশুর দাদি অভিযোগ করেন, রাতে ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স ছিলেন না। তাঁর নাতনিকে আইসিইউতে নেওয়া হয়েছে জানিয়ে ওষুধ কেনার জন্য কয়েক হাজার টাকা নেওয়া হয়, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর জানানো হয় শিশুটি আর বেঁচে নেই। তিনি আরও মন্তব্য করেন, পরিস্থিতি সামলাতে না পারলে রোগীদের অন্য হাসপাতালে পাঠানো উচিত ছিল।

মৃত এক শিশুর মা জানান, রাতে ওয়ার্ডের প্রায় সব শিশুই কান্না ও বমি করছিল। সকালে শিশুর অবস্থার অবনতি হলে তাকে এনআইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা প্রথমে আশ্বস্ত করলেও অল্প সময়ের মধ্যেই মৃত্যুর সংবাদ দেন। তাঁর ধারণা, ওয়ার্ডে থাকা ১২ থেকে ১৩টি শিশুর অধিকাংশই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্বজনরা আশঙ্কা প্রকাশ করেছেন।

প্রাথমিকভাবে এসির গ্যাস লিকেজকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কারণ নিশ্চিত হয়নি।

হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল জানান, রাতে ঘটনাটি ঘটেছে এবং হাসপাতালে গিয়ে বিস্তারিত জানানো হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



banner close
banner close