গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১০ জন, ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া হাম পরিস্থিতিতে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৪৪২ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৫০ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ইতোমধ্যে ৪৬ হাজার ২১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও বিভিন্ন হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা চলমান রয়েছে।
এদিকে, ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সারা দেশে মোট ৬৩ হাজার ৮১৩ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ৮ হাজার ৬২২ জনের শরীরে হাম রোগ নিশ্চিত করা হয়েছে।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরও পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছে।
আরও পড়ুন:








