বৃহস্পতিবার

২১ মে, ২০২৬ ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জনবল সংকটে ধুঁকছে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত স্বাস্থ্যসেবা

হাফিজুর রহমান চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ২৩:১৭

আপডেট: ২১ মে, ২০২৬ ২৩:২৪

শেয়ার

জনবল সংকটে ধুঁকছে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত স্বাস্থ্যসেবা
ছবি বাংলা এডিশন

চরম জনবল সংকটের কবলে পড়ে ধুঁকে ধুঁকে চলছে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীর অভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। অন্যদিকে সীমিত জনবল দিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সরকার অনুমোদিত ২৮১টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৯৫ জন। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ৮৬টি পদ। বিশেষ করে চিকিৎসক ও পরিচ্ছন্নতা কর্মীর সংকটে স্বাস্থ্যসেবা কার্যক্রম সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে।

তথ্যমতে, মেডিকেল অফিসারের ৩৫টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ২২ জন। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ১৩টি পদ। এর মধ্যে গাইনি, ইউনানি ও ডেন্টাল বিভাগের চিকিৎসক সংকট উল্লেখযোগ্য। এছাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় থাকা উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও রয়েছে চরম জনবল সংকট। প্রতিটি কেন্দ্রে একটি করে মেডিকেল অফিসারের পদ থাকলেও ১০টি উপ-স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসক নেই।

সে হিসাবে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে মোট ৫১টি মেডিকেল অফিসার পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২৫ জন। শূন্য রয়েছে ২৬টি পদ।

অন্যদিকে, দ্বিতীয় শ্রেণির নার্সিং সুপারভাইজার ও স্টাফ নার্সসহ ৩০টি অনুমোদিত পদে জনবল পূরণ থাকলেও স্বাস্থ্য সহকারীদের মধ্যেও রয়েছে বড় ধরনের সংকট। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য সহকারীর ১৩১টি পদের বিপরীতে কর্মরত আছেন ৯১ জন। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ৪০টি পদ।

এছাড়া ল্যাব অ্যাটেনডেন্ট, ওটি অ্যাটেনডেন্ট, ইমার্জেন্সি অ্যাটেনডেন্ট, এমএলএসএস, কুক, আয়া, সুইপার, নিরাপত্তাকর্মী ও মালি পদে ২৫ জনের স্থলে কর্মরত রয়েছেন মাত্র ১৮ জন। দীর্ঘদিন ধরে সুইপার, পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তাকর্মীসহ ৭টি পদ শূন্য থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়ছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, চিকিৎসক সংকটের কারণে নির্দিষ্ট রোগের চিকিৎসা নিতে এসে অনেক রোগী হয়রানির শিকার হচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক দরিদ্র রোগী চিকিৎসা না নিয়েই ফিরে যাচ্ছেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আজিজুর রহমান সুইট বলেন, “জনবল সংকটের কারণে আমাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় হিমশিম খেতে হয়। তবে সংকটের মধ্যেও সেবার মান অব্যাহত রাখার চেষ্টা করছি।”

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জনবল সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, “প্রতিমাসের প্রতিবেদনে আমরা শূন্য পদের বিষয়টি উল্লেখ করি এবং জনবল সংকটের কারণে কী কী সমস্যা হচ্ছে তাও তুলে ধরি। কিন্তু এখনো শূন্য পদ পূরণ হয়নি। তবে দ্রুত এসব পদ পূরণ হবে বলে আশা করছি।”

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতাল-এর সিভিল সার্জন ডা. সাহাবুদ্দিন বলেন, “শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোমধ্যে কিছু পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তেমন বড় ধরনের সংকট নেই। তবে বাকি শূন্য পদগুলো পূরণের চেষ্টা চলছে।”

অপরদিকে, ড. কেরামত আলী বলেন, “আমি ইতোমধ্যে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। সেখানে জনবল সংকটসহ নানা সমস্যা রয়েছে বলে জেনেছি। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত এসব সমস্যার সমাধানের চেষ্টা করবো। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়টি সংসদে উত্থাপন করেছি। স্বাস্থ্য মন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত করেছেন।”



banner close
banner close