শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ৩০ আশ্বিন, ১৪৩৩

হামে মৃতের সংখ্যা ৪৫১, নতুন শনাক্ত ১১১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ১৭:৫৪

শেয়ার

হামে মৃতের সংখ্যা ৪৫১, নতুন শনাক্ত ১১১
ছবি সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে আটজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি চারজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

একই সময়ে নতুন করে আরও ১১১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ১ হাজার ১৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জনে। একই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫৫ হাজার ৬১১ জন।

অধিদপ্তর জানায়, গত দুই মাসে সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৩৬ হাজার ৫৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার শিশু চিকিৎসাধীন রয়েছে।