টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা (র্যাবিস ভ্যাকসিন) প্রদান বন্ধের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরু। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে তিনি এই ঘোষণা দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।
বুধবার (১৩ মে) ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুলবশত দুই ডোজ জলাতঙ্কের র্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগের অভিযোগ ওঠে। এই ঘটনার পরদিন স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতেই নুরু ঘোষণা দেন যে, হাসপাতাল থেকে আর জলাতঙ্কের টিকা দেওয়া হবে না এবং প্রয়োজনে রোগীদের টাঙ্গাইল গিয়ে ভ্যাকসিন নিতে হবে।
স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ দীর্ঘদিনের। গত বছরও তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে তিনি সংবাদকর্মীর স্বজনদের মামলার ভয়ভীতি দেখান বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, “তিনি এই ঘোষণা দিতে পারেন না, তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কেউ না।” এ সময় তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, “স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরুসহ আমাকেও বদলি করা হোক।
গুরুতর ভুলের ঘটনার পর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সেবা বন্ধের এই সিদ্ধান্তে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি সেবা বন্ধের এমন ঘোষণা জনগণের ভোগান্তি বাড়াবে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:








